২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক দলই ‘প্রিন্সিপাল ক্লায়েন্ট’: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই নির্বাচনী সংস্কার আইন চূড়ান্ত করা হবে। তাদের সঙ্গে আলোচনা না করে কমিশন কিছুই করবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2007, 06:48 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

তিনি বলেন, “রাজনৈতিক দলই আমাদের ‘প্রিন্সিপাল ক্লায়েন্ট’।”

বৃহস্পতিবার নির্বাচনী আইন সংস্কার নিয়ে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় সিইসি বলেন, “ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেই আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবো। আমাদের প্রস্তুতির কথা সরকারকে জানানো হয়েছে।”

জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) মিলনায়তনে সকাল ১০টায় দিনব্যাপী আলোচনা শুরু হয়।

কমিশন সাংবাদিকদের সঙ্গেও একই রকমের মতবিনিময় সভায় বসবে।

কমিশন স্বাধীন হলেও কমিশন সচিবালয় এখনো প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এ কথা মনে করিয়ে দিয়ে শামসুল হুদা বলেন, “নির্বাচন কমিশন একটি সাংবিধানিক পদ; তাই আমরা সকল ভয়ভীতির উর্ধ্বে। আমরাও চাইছি, কমিশন সচিবালয়কে স্বাধীন প্রতিষ্ঠানে পরিণত করতে। কিন্তু এ জন্য সংবিধান সংশোধন করার প্রয়োজন পড়বে। নির্বাচিত সরকার এটি করবে বলে আমরা মনে করি।”

নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন ও মুহাম্মদ ছহুল হোসাইন, কমিশন সচিব মুহম্মদ হুমায়ুন কবিরসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

সভায় সাবেক সিইসি বিচারপতি আব্দুর রউফ বলেন, “দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন প্রতিষ্ঠানে পরিনত করা গেলে নির্বাচন কমিশন সচিবালয়কে স্বাধীন করা যাবে না কেনো? এটি করা না হলে যতই আইন সংস্কার করা হোক না কেনো, তা বাস্তবায়ন না করার সুযোগ থেকে যায়।”

সাবেক সেনা প্রধান লেফটেনেন্ট জেনারেল (অব.) হারুন অর রশিদ সংস্কার আইনের বিরোধীতা করে বলেন, “সরকারি কর্মকর্তারা অবসর গ্রহণের সঙ্গে সঙ্গে নির্বাচন করতে পারবে না কেনো? আমার শিক্ষাগত যোগ্যতাসহ অন্য সব যোগ্যতা থাকলে নির্বাচন করতে বাধা কোথায়?”

সেন্টার ফর পলিসি ডায়লগের নির্বাহী পরিচালক ড. দেবপ্রিয় ভট্টচার্য বলেন, “সরকারি কর্মচারিদের মতো এনজিও বা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নির্বাচনকে প্রভাবিত করার সুযোগ নেই। এ জন্য পদত্যাগ করার সঙ্গে সঙ্গে তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে।”

সভায় মহিলা আইনজীবী সমিতির অ্যাডভোকেট সালমা আলী বলেন, “সংস্কার আইনে নারী নির্যাতকারী, অ্যাসিড নিক্ষেপকারী ও যৌন নিপীড়ককে প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষণা করতে হবে।”

অন্যান্যের মধ্যে সাবেক উপদেষ্টা এস এম শাহজাহান, অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক খান সারোয়ার মুর্শিদ, সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) নুরুদ্দিন খান, আতিউর রহমান, বেসরকারি সংস্থা সুজন এর বদিউল আলম মজুমদার, মানুষের জন্য এর শাহিন আনাম, সুপ্রর রেজাউল করিম, ফেমার মনিরা খান প্রমুখ বক্তব্য রাখেন।