আধা-স্বচ্ছ ব্যালট বাক্সের প্রস্তাবটি সক্রিয় বিবেচনাধীন
সেনাবাহিনীর দেওয়া আধা-স্বচ্ছ ব্যালট বাক্স সরবরাহ করার প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনা করছে নির্বাচন কমিশন। তবে কোন ধরনের বাক্স নির্বাচনে ব্যবহার করা হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত করা হবে।
নির্বাচন কমিশনার এম. সাখাওয়াত হোসেন বুধবার বিকেলে কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “সেনাবাহিনীর মেশিন অ্যান্ড টুলস ফ্যাক্টরির পক্ষ থেকে সম্প্রতি প্রস্তাব দেওয়া হয়েছে, স্টিলের তৈরি ব্যালট বাক্সগুলোর একদিক বা দুই দিক স্বচ্ছ করে সরবরাহ করার। এ জন্য খরচ পড়বে ১৫ থেকে ২০ লাখ টাকা। এই প্রস্তাব পাওয়ার পর আমরা গাজীপুরে কারখানাটিতে গিয়ে তার নমুনা দেখে এসেছি।”
প্রসঙ্গত, বাতিল হয়ে যাওয়া ২২ জানুয়ারির নির্বাচনের জন্য কমিশন দুই লাখ ২০ হাজার স্টিলের ব্যালট বাক্স ব্যবহার করার পরিকল্পনা নেয়। গাজীপুরের কারখানায় ৩৫ হাজার ব্যালট বাক্স বানানোও হয়। ব্যয় হয় তিন কোটিরও বেশি টাকা। পুরনো ব্যালট বাক্সগুলোও সে সময় মেরামত করা হয়।
২২ জানুয়ারির নির্বাচনে স্টিলের ব্যালট বাক্স ব্যবহার করার কথা ছিল-এ কথা মনে করিয়ে দিয়ে সাখাওয়াত হোসেন আরো বলেন, “স্টিলের তৈরি ব্যালট বাক্স যথেষ্ট পরিমানে আমাদের আছে। এগুলো আমাদের সম্পদ। এগুলো তো আমরা ফেলে দিতে পারি না। ১৫ বছরের পুরনো ব্যালট বাক্সও আছে; এসব বাক্স সামান্য মেরামত ও রং করে ব্যবহার করা যায়। তবে নির্বাচনে কী ধরনের ব্যালট বাক্স ব্যবহার করা হবে, তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ”
ইউরোপিয় ইউনিয়ন (ইইউ) ২০০৪ সালে কমিশনকে বিনামূল্যে প্লাস্টিকের তৈরী স্বচ্ছ ব্যালট বাক্স সরবরাহ করার যে প্রস্তাব দিয়েছিলো, সেই প্রস্তাব এখনো বহাল আছে কি না-তা জানতে চাইলে তিনি বলেন, “আমরা এ রকম কোনো প্রস্তাব পাইনি।”
এদিকে বুধবার দুপুরে ডেনিশ রাষ্ট্রদূত আইনার হোবোগার্ড জেনসেন দুটি স্বচ্ছ ব্যালট বাক্স প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদাকে উপহার দেন। এই সাক্ষাত অনুষ্ঠানে নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন ও মুহাম্মদ ছহুল হোসাইন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ছহুল হোসাইন সাংবাদিকদের বলেন, “ডেনিশ রাষ্ট্রদূত আমাদের দুটি স্বচ্ছ ব্যালট বাক্স নমুনা হিসেবে দিয়ে গেছেন। আমরা এগুলো নিয়ে বিশিষ্ট নাগরিক, সাংবাদিক ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করব। স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের বিষয়ে এর পরেই সিদ্ধান্ত নেওয়া হবে।”
সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে ডেনিশ রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, “আমাদের দেশের একটি বেসরকারি প্রতিষ্ঠান স্বচ্ছ ব্যালট বাক্স তৈরি করে। আমরা কমিশনকে জানিয়েছি, কীভাবে এগুলো তৈরি করা হয় এবং এগুলো কীভাবে ব্যবহার করতে হয়। নেপাল, আফগানিস্তান, উগান্ডা, জাম্বিয়াসহ বিভিন্ন দেশে এ রকম ব্যালট বাক্স ব্যবহৃত হচ্ছে।”
তিনি জানান, ছোট ও বড় দুই ধরনের স্বচ্ছ ব্যালট বাক্স রয়েছে। আকারভেদে প্রতিটির দাম পড়বে ১০০০ থেকে ১৩০০ টাকা।
প্রসঙ্গত, স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করতে ইইউর প্রস্তাব পদত্যাগী এম এ আজিজের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন নাকচ করে দিয়েছিল।
কমিশন সূত্র মতে, স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের পক্ষে প্রধান যুক্তি ভোট কারচুপি রোধ করা। স্বচ্ছতার কারণে ব্যালট বাক্সগুলোতে আগে থেকে জাল ভোট ভরে রাখা যেমন সম্ভব হবে না তেমনি অতিরিক্ত ভোট পড়লে তা সহজেই ধরা পড়বে। এছাড়া বাক্সগুলো ওজনে হালকা বলে বহন করাও সহজ।
অন্যদিকে স্টিলের তৈরি ব্যালট বাক্সের স্থায়িত্ব বেশি হলেও ওজনে ভারী। তা ছাড়া নির্বাচনের পর অনেক দুর্গম এলাকার কেন্দ্র থেকে এগুলো আর ফেরত আনা হয় না বলে প্রচুর অপচয় হয়।
