২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক সিদ্ধান্ত কমিশনের কাজে প্রভাব ফেলে: সিইসি

দুই নেত্রীকে বিদেশে নির্বাসিত করার উদ্যোগ প্রসঙ্গে প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বলেছেন, “সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা সরকারের বিষয়। সরকারকেই এ কাজ করতে হবে। কমিশন শুধু নির্বাচন প্রক্রিয়া চালাবে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2007, 07:33 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের তিনি অবশ্য এ-ও বলেন, ‘‘রাজনৈতিক সিদ্ধান্ত নির্বাচন কমিশনের কর্মকাণ্ডে প্রভাব ফেলে; তবে এ বিষয়ে কমিশনের করার কিছু নেই।”

কমিশন নির্বাচনী সংস্কার আইন নিয়ে কবে নাগাদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবে-জানতে চাওয়া হলে শামসুল হুদা বলেন, “সরকার যখন মনে করবে, তখনই ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। আর তা করা হলেই আমরা দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করব। এ জন্য আমরা প্রস্তুত হয়ে আছি।”

মঙ্গলবার ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরীর সঙ্গে বৈঠকের পর কার্যালয় ছেড়ে যাওয়ার সময় সিইসি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। ব্রিটিশ রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, “আগামী নির্বাচনে তারা কীভাবে আর্থিক সাহায্য করবেন, সে বিষয়ে আলোচনা হয়েছে। এটি এখনো আলোচনার পর্যায়েই রয়েছে।”

আনোয়ার চৌধুরী সাংবাদিকদের বলেন, “বাংলাদেশ সরকার ২০০৮ সালের মধ্যে নির্বাচন করার যে ঘোষণা দিয়েছে, আমরা তাকে স্বাগত জানাই। এ সময়ে নির্বাচন কমিশনকে ছবিসহ ভোটার তালিকা তৈরিসহ অনেক কিছু করতে হবে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে যুক্তরাজ্যের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে।”

দুই নেত্রীকে বিদেশে নির্বাসন দেওয়া হলে এ দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হবে কি না-জানতে চাইলে ব্রিটিশ রাষ্ট্রদূত কোনো মন্তব্য করতে রাজী হননি। তিনি শুধু বলেন, “এটি রাজনৈতিক দল ও বাংলাদেশ সরকারের বিষয়। এ নিয়ে বিদেশীদের মন্তব্য করার কিছু নেই। তবে আমরা আশা করি, এ ব্যাপারে একটি সন্তোষজনক সমাধান হবে।”