২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যে কোনো মূল্যে দেশে ফিরতে চান হাসিনা

লন্ডন থেকে ঢাকাগামী বিমানে ওঠতে বাধা পেয়ে সরকারের ওপর ক্ষোভ প্রকাশ করে শেখ হাসিনা বলেছেন, যে কোনো মূল্যে দেশে ফেরার চেষ্টা চালিয়ে যাবেন তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2007, 02:30 AM

Updated : 26 Apr 2022, 02:15 PM

রোববার দেশে ফেরার জন্য হিথ্রো বিমানবন্দরে গেলে বৃটিশ এয়ারওয়েজ শেখ হাসিনাকে বিমানে তুলতে বাংলাদেশ সরকারের আপত্তির কথা জানায়। বৃটিশ এয়ারওয়েজের বোর্ডিং পাস না পেয়ে হিথ্রো থেকে তিনি লন্ডনে বোন শেখ রেহানার বাসায় ফিরে যান।

এঘটনার পর রোববার গভীর রাতে অন্তত দুইটি ভারতীয় টেলিভিশনকে হাসিনা বলেছেন, যে কোনো মূল্যে দেশে ফিরবেন তিনি।

হাসিনার জন্য রোববার হিথ্রো বিমান বন্দরের চার নম্বর টার্মিনালে ছিল কড়া নিরাপত্তা। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটার সময় ঢাকাগামী বিমানটিতে উঠতে না পেরে দৃশ্যত হতাশ হাসিনা উপস্থিত সাংবাদিকদের বলেন, ব্রিটিশ এয়ারওয়েজ তাকে বিমানে চড়তে না দিয়ে হাতে একটি চিঠি তুলে দেন।

সরকারের আচরণে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, “এটা কি ধরনের কথা আমি বুঝতে পারলাম না। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সিএমএম কোর্ট আমার বিরুদ্ধে প্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। অন্যদিকে আমাকে দেশে ফিরতে বাধা দিচ্ছে।”

আওয়ামী লীগের লন্ডন শাখার নেতা সুলতান শরীফ ও মানিক চৌধুরী টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শেখ হাসিনা দেশে ফিরতে পারছেন না। বৃটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষ তাকে বোর্ডিং পাস দেয়নি।

সুলতান শরীফ লন্ডন সময় ২ টা ৫৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৭টা ৫৫ মিনিট) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বোর্ডিং পাস না পেয়ে এই মাত্র শেখ হাসিনা হিথ্রো থেকে বের হয়ে এলেন।”

এর আধঘণ্টা পর নির্ধারিত ফ্লাইটটি বিমানবন্দর ছেড়ে যায়।

মানিক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হিথ্রো বিমানবন্দরে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমকর্তারা ও ব্রিটিশ এয়ারওয়েজের এয়ারপোর্ট ম্যানেজার আওয়ামী লীগ সভানেত্রীকে জানান, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদের অনুরোধ করা হয়েছে, তাকে যেনো যেতে না দেওয়া হয়।”

আওয়ামী লীগ নেতা সুলতান শরীফ জানিয়েছেন, হিথ্রো ছেড়ে যাওয়ার সময় শেখ হাসিনা দলীয় নেতা কর্মীদের বলেছেন, সুযোগ পাওয়ামাত্রই দেশে ফিরবেন তিনি।

লন্ডনের স্থানীয় সময় দুপুর ১ টায় হাসিনা বিমানবন্দরে যান। এ সময় তার সঙ্গে ছিলেন বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী।

দেশে ফিরতে না পেরে সরকারের সমালোচনা করে দুইটি ভারতীয় বেসরকারি টেলিভিশন এনডিটিভি এবং ২৪ঘন্টাকে দেওয়া প্রতিক্রিয়ায় হাসিনা বলেছেন, তিনি যে কোনও মূল্যে দেশে ফিরে আসবেন। প্রয়োজনে সরকারের বিরুদ্ধে তিনি দেশে-বিদেশে জনমত তৈরি করবেন।

শেখ হাসিনা ২৪ ঘন্টা টিভিকে বলেন, “ব্রিটিশ এয়ারওয়েজ আমাকে কোনও কারণ দেখায়নি। বাংলাদেশ সরকার থেকে চিঠি দিয়েছে আমাকে যেন যেতে না দেওয়া হয়। আমাকে নিয়ে গেলে ঢাকায় বিমান নামতে দেবে না। বিমানবন্দরে গেলে আমাকে ব্রিটিশ এয়ারওয়েজ সে চিঠি দেখায়।”

তিনি বলেন, “আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। মামলা মোকাবেলা করতে দেশে যাবো। তারা যেতে দিচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমার বিরুদ্ধে মামলা করলো। ওয়ারেন্ট জারি করলো। আবার দেশে যেতে দিল না। এটা কি ধরনের কথা!”

শেখ হাসিনা বলেন, আপাতত লন্ডনে আছি। বৃটিশ মন্ত্রী এমপিদের সঙ্গে যোগযোগ করছি। বিশ্ব জনমত তৈরি করতে চাই। দেশের মানুষের সঙ্গে আমার যোগযোগ আছে। আমার বিরুদ্ধে মামলা যে মিথ্যা এটা তারাই প্রমাণ করেছে।

তিনি বৃটিশ এয়ারওয়েজের বিরুদ্ধে মামলা করার চিন্তা করছেন বলেও ভারতীয় ওই টেলিভিশন চ্যানেল জানিয়েছে।

হাসিনা গত ১৫ মার্চ আমেরিকার উদ্দেশে ঢাকা ছাড়েন।

সেখানে থাকতেই দেশে তার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের ও হত্যা মামলায় অভিযোগপত্র দায়ের হওয়ার পর ১৪ এপ্রিল দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। সে সময় যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন আওয়ামী লীগ সভানেত্রীকে তার নির্ধারিত সময়ে দেশে ফেরার অনুরোধ জানান। যোগাযোগ উপদেষ্টার অনুরোধের পর হাসিনা দেশে ফেরার তারিখ পরিবর্তন করেন। এরপর গত ১৮ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেসনোটে জরুরি অবস্থা জারির জন্য হাসিনাকে অন্যতম দায়ী করে বলা হয়, আওয়ামী লীগ সভানেত্রী দেশে ফিরে এলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে।

এজন্য বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সরকার।

এরপর দিনই শেখ হাসিনা যুক্তরাষ্ট্র থেকে লন্ডন আসেন।