দুপুর দুইটায় সরকারকে লিখিতভাবে খালেদা জিয়ার অবস্থা জানানোর নির্দেশ
খালেদা জিয়াকে গৃহবন্দি করে রাখা হয়েছে কিনা রোববার দুপুর দুইটার মধ্যে তা সরকারকে লিখিতভাবে জানাতে বলেছে হাইকোর্ট। এর মধ্যে খালেদা জিয়াকে ইচ্ছার বিরুদ্ধে বিদেশ পাঠিয়ে দেওয়া হলে আইন তার নিজস্ব গতিতে চলবে বলেও আদালত সতর্ক করে দেয়।
বিচারপতি মোঃ আবদুল ওয়াহ্হাব মিয়া এবং বিচারপতি এমদাদুল হক এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার সকালে এ নির্দেশ দেন। গত বৃহস্পতিবার এ বেঞ্চ খালেদা জিয়ার অবস্থা লিখিতভাবে জানাতে বললেও সরকার তা করেনি।
রোববার সরকারপক্ষে অতিরিক্ত এটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ মৌখিকভাবে বলেন, খালেদা জিয়াকে গৃহবন্দি রাখা হয়নি।
আদালত এসময় বলেন, “বৃহস্পতিবারই এ বিষয়টি লিখিতভাবে জানাতে বলা হয়েছিল। আজ দুপুর দুইটার মধ্যে লিখিতভাবে তা জানাতে হবে।”
আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, এ সময়ের মধ্যে খালেদা জিয়াকে জোর করে বিদেশ পাঠানো হতে পারে। তাই তাকে বিদেশ না পাঠানোর জন্য অন্তর্বর্তীকালীন একটি নির্দেশও চান তিনি।
আদালত এ সময় বলেন, এ সময়ের মধ্যে খালেদাকে বিদেশ পাঠানো হলে আইন তার নিজস্ব গতিতে চলবে।
খালেদা জিয়াকে গৃহবন্দি করে রাখা চ্যালেঞ্জ করে এবং ইচ্ছার বিরুদ্ধে বিদেশে না পাঠাতে সরকারকে নির্দেশ দেওয়ার জন্য হাইকোর্টে বৃহস্পতিবার এ আবেদন করা হয়।
জিয়া পরিবারের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নির্বাহী কমিটির সদস্য টাঙ্গাইলের বাবুল চৌধুরী এ আবেদন করেন।
আবেদনে বলা হয়, খালেদা জিয়াকে গৃহবন্দি করে রেখে মাত্র চারজন ব্যক্তির সঙ্গে দেখা সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে। তার টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, দলীয় নেতাকর্মী এবং আত্মীয় স্বজনের সঙ্গে কুশল বিনিময় পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না।
আবেদনে আরও বলা হয়, বিএনপির চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই বলে সরকারই স্বীকার করছে। তারপরও তাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। কোনো মামলা না থাকা সত্ত্বেও তার ছোট ছেলেকে আটক করা হয়েছিল। এসবই করা হচ্ছে তাকে চাপ প্রয়োগ করার জন্য ও দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য।
আবেদনে খালেদা জিয়াকে গৃহবন্দি অবস্থা থেকে মুক্ত ও জোর করে বিদেশ না পাঠানোর জন্য সরকারের প্রতি রুল জারির আহ্বান জানানো হয়।
বাবুল চৌধুরীর আবেদনে স্বরাষ্ট্র সচিব, প্রতিরক্ষা সচিব, জেলা প্রশাসক, র্যাবের মহাপরিচালক, যৌথবাহিনীর অধিনায়ক এবং ডিএমপি কমিশনারকে পক্ষভুক্ত করা হয়।
