২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টনে শিবির কর্মী হত্যা মামলায় হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

গত বছর ২৮ অক্টোবর পল্টনে শিবির কর্মী হত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সরকারের নিষেধাজ্ঞার মধ্যেও হাসিনা দেশে ফেরার সিদ্ধান্তে অটল থাকার ঘোষণার সময়ই এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2007, 12:35 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

খালেদা জিয়া সরকার ক্ষমতা ছাড়ার আগের দিন পল্টনে ১৪ দল, জামায়াত-শিবির, পুলিশ-এ তিনমুখী সংঘর্ষে সাত জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা পাল্টাপাল্টি দুটি মামলার অভিযোগপত্র রোববার গ্রহণ করেন ঢাকার মহানগর হাকিম মীর আলি রেজা।

সকাল পৌণে ১১টার দিকে নিজের খাস কামরায় মামলা দুটির অভিযোগপত্র গ্রহণ করে তিনি হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অভিযোগপত্রে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কারাগারে আটক মোহাম্মদ নাসিম ও আবদুল মালেককে পলাতক দেখানোর কারণে এ গ্রেপ্তানি পরোয়ানা জারি করা হয়।

এ মামলার অভিযুক্ত ৪৬ জনের মধ্যে ৪৩ জন হাইকোর্ট থেকে জামিন নেওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়নি।

এছাড়া জামায়াত ইসলামীর ১০ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা অপর মামলায় সবাই জামিনে থাকায় তাদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়নি।

এ মামলায় অভিযোগপত্র গ্রহণের পর মামলাটি বিচারের জন্য প্রস্তুত উল্লেখ করে মীর আলি রেজা মুখ্য মহানগর হাকিমের কাছে নথিটি পাঠিয়ে দেন।

পল্টনে সংঘর্ষে মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া দুটি মামলারই অভিযোগ পত্র গত ১১ এপ্রিল দাখিল করা হয় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে। পুলিশের গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক এনামুল হকের দেওয়া অভিযোগপত্রে বলা হয়, ওই ঘটনায় অভিযুক্তদের জড়িত থাকার বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

পল্টন থানা জামায়াতে ইসলামীর আমির এ টি এম সিরাজুল হকের ২৯ অক্টোবর দায়ের করা মামলায় শেখ হাসিনা, আবদুল জলিল, মোহাম্মদ নাসিম, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাহারা খাতুন, হাজী মোহাম্মদ সেলিম, ডা. এইচ বি এম ইকবাল, জাহাঙ্গীর কবির নানকসহ ৪৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

অন্যদিকে ২৮ অক্টোবর বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সম্পাদক কামরুল আহসানের দায়ের করা মামলায় মতিউর রহমান নিজামী, আলী আহসান মুহাম্মদ মুজাহিদসহ ১০ জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।