খালেদা জিয়ার দেশত্যাগের গুজবের পিছু ছুটে চলা
সময়, ফ্লাইট জানা নেই। জানা নেই তিনি কোথায়, কীভাবে যাচ্ছেন, কারা থাকছেন তার সঙ্গে এমনকি আদৌ যাচ্ছেন কিনা তাও জানা নেই নিশ্চিত করে, তবুও অপেক্ষা। এ অপেক্ষা ১৬ এপ্রিল ছোট ছেলে আরাফাতকে যৌথবাহিনী গ্রেপ্তার করে আবার বাসায় ফিরিয়ে দেওয়ার পর থেকেই।
বড় ছেলে তারেকের সঙ্গে বিশেষ ব্যবস্থায় শনিবার সকালের সাক্ষাৎ ওই জল্পনার পালে ঝড়ো হাওয়া জুড়ে দেয়। নাওয়া-খাওয়া, ঘুম হারাম হয়ে যায় সংবাদকর্মীদের। কেন্দ্রীয় কারাগারের ফটক, জিয়ার কবর আর বিমানবন্দরে ২৪ ঘন্টা জুড়ে পাহারা, টেলিফোনগুলোকে এক মুহূর্তের বিশ্রাম না দিয়ে যোগাযোগের চেষ্টা।
‘শুধু সাংবাদিকেরা এখানে।’ প্রতিবেদক আবু নোমান সজীব জানালেন। কতজন? অসংখ্য-তার উত্তর।
শনিবার রাত সোয়া একটায় এ প্রতিবেদন লেখার সময় অন্তত ৩০০ সাংবাদিক অপেক্ষা করেছিলেন জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে। সারাদিন জিয়ার কবর আর ঢাকা ও কাশিমপুর কারাগারে ভিড় করে ছিলেন অন্তত দুশ সাংবাদিক।
নজিরবিহীন নিরাপত্তা আর কড়া গোপনীয়তার মধ্যে প্রথমবারের মত দেশের কোনো শীর্ষ রাজনীতিবিদকে দেশ ছেড়ে যেতে হচ্ছে। সংবাদমূল্যের বিবেচনায় জীবনের খবর।
