সরকার নিজেই নিজেকে হালকা করে ফেলছে: হাসিনা
শেখ হাসিনা বলেছেন, মামলা-নিষেধাজ্ঞা দিয়ে সরকার নিজেকে হালকা করে ফেলছে।
শনিবার বিকেলে পশ্চিম লন্ডনে এক কর্মী সভায় আওয়ামী সভানেত্রী বলেন, “ এতকিছুর পরেও সরকার ভাল কাজ করলে আমি তার প্রশংসা যেমন করবো তেমনি খারাপ কাজ করলে সমালোচনাও অব্যাহত রাখবো।”
ব্রিটেন ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ থেকে সভায় যোগ দেওয়া আওয়ামী কর্মী ও সমর্থকদের উদ্দেশে হাসিনা বলেন, “আমার দুঃখ লাগছে, মামলা করে, দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা দিয়ে সরকার নিজেই নিজেদের হালকা করে ফেলেছে।”
এদিকে যুক্তরাজ্য আওয়ামী লীগের এক বিবৃতিতে বলা হয়েছে, “বিট্রিশ এয়ারওয়েজের রোববারের সোয়া তিনটায় নির্ধারিত ফ্লাইট বিএ-১৪৫ এ ওঠার ক্ষেত্রে শেখ হাসিনা দৃঢ়প্রতিজ্ঞ। আমরা সাংবাদিকদের আমন্ত্রণ জানাচ্ছি যেন তারা নিশ্চিত করেন যে, ব্রিটিশ এয়ারওয়েজ তাকে নিয়ে আকাশে ওঠে এবং কোনভাবেই যেন তার মৌলিক অধিকার খর্ব করায় কোনো ভূমিকা না রাখে। নিজ মাতৃভুমিতে ফিরে যাওয়াটা তার মৌলিক অধিকার।”
