বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে: ব্রিগেডিয়ার (অবঃ) হান্নান শাহ
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং দীর্ঘদিন রাজনীতিতে নিস্ক্রিয় ব্রিগেডিয়ার (অবঃ) এএসএম হান্নান শাহ দলের বর্তমান মহাসচিব ও স্থায়ী কমিটির পরিবর্তন হবে বলে দাবী করেছেন।
সম্প্রতি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করার পর এ ধরণের পরিবর্তন হবে বলে তিনি ধারণা করছেন।
তবে দলীয় নেতাদের সঙ্গে কথা বলে হান্নান শাহর এ মন্তব্যের কোন ভিত্তি খুঁজে পাওয়া যায়নি। বিএনপির মুখপাত্র নজরুল ইসলাম খানের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন “এ ধরণের কোন প্রকার উদ্যোগের কথা তার জানা নেই।”
শুক্রবার রাতে ব্রিগেডিয়ার হান্নান শাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশে ঘরোয়া রাজনীতি চালু হলে খালেদা জিয়া দল পুনর্গঠন করবেন।”
তিনি বলেন, “আমার সঙ্গে ম্যাডামের বিভিন্ন ব্যাপারে আলোচনা হয়েছে। তিনি দলের ভেতর থেকে দূর্নীতিবাজদের বের করে দিতে চান। ঘরোয়া রাজনীতি শুরু হলে তিনি দলকে নতুনভাবে সাজাবেন।”
মহাসচিব পরিবর্তনের ব্যাপারে তিনি বলেন, “জরুরি অবস্থা জারির পর তার (মহাসচিব) কর্মতৎপরতা দলের অনূকূলে নয়।”
বিগত সংসদ নির্বাচনে হান্নান শাহ বিএনপি থেকে দলীয় মনোনয়ন চেয়েও পাননি। চলতি বছরের ২২ জানুয়ারি বাতিল হওয়া নির্বাচনে তাকে গাজীপুর-৪ আসন থেকে মনোনয়ন দেওয়া হয়। তিনি ১৯৯১ সালে খালেদা জিয়ার মন্ত্রী সভার সদস্য ছিলেন। পরবর্তী সরকারের মেয়াদকালে তার বিরুদ্ধে দূর্নীতির মামলা হয়। তারপর থেকে তিনি দলীয় রাজনীতিতে নিস্ক্রিয় ছিলেন।
