২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নববর্ষে খালেদা, হাসিনা ও এরশাদের শুভেচ্ছা

বাংলা নববর্ষ উপলক্ষে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2007, 07:01 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

শুক্রবার এক বিবৃতিতে খালেদা জিয়া একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশবাসীকে নতুন বছরে নতুন করে পথ চলা শুরু করার আহ্বান জানান।

বিএনপির সহ-প্রচার সম্পাদক আহমেদ মূসা স্বাক্ষরিত ওই বিবৃতিতে খালেদা জিয়া বলেন, একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিময় বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

শেখ হাসিনা তাঁর বিবৃতিতে দেশবাসীর প্রতি সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি পহেলা বৈশাখ ও নববর্ষে একটি অসাম্প্রদায়িক ও কল্যাণকর গণতান্ত্রিক সমাজ গঠনে এগিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানান।

জাতীয় পার্টির প্রেস সচিব সুনীল শুভরায় স্বাক্ষরিক এক বিবৃতিতে এইচ এম এরশাদ আশা প্রকাশ করে বলেছেন, নতুন বছরে পুঞ্জিভূত সব সমস্যার সমাধানে অগ্রগতি হবে এবং উন্নয়ন ও সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত করে বয়ে আনবে সুখ, শান্তি ও সমৃদ্ধি।