২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এক মাসের মধ্যে ছবিসহ ভোটার তালিকার পরীক্ষামূলক কাজ শুরু’

এক মাসের মধ্যে পরীক্ষামূলক প্রকল্প হিসেবে ছবিসহ ভোটার তালিকার কাজ শুরু করবে নির্বাচন কমিশন। একটি শহর এলাকা ও একটি গ্রামে গিয়ে এ কাজ করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2007, 05:13 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

রোববার সকালে নির্বাচন কমিশনার এম. সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান ।

তিনি বলেন, “পরামর্শকদের দেওয়া পরামর্শ অনুযায়ী মাসখানেকের মধ্যে এ কাজ করে দেখতে চাই আমরা। এর ফলে ছবিসহ ভোটার তালিকা তৈরি করতে কত সময় লাগবে তা বোঝা যাবে এবং এ কাজে কী কী সমস্যা রয়েছে তাও চিহ্নিত করা যাবে। আর এই কাজে সেনা বাহিনীর কাছ থেকে প্রযুক্তিগত সহায়তা নেওয়া হবে।”

শনিবার বিবিসি রেডিওতে সম্প্র্রচারিত শেখ হাসিনার বক্তব্য প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, “এটি একটি রাজনৈতিক ভাষ্য। এ বিষয়ে আমি কোনও মন্তব্য করতে চাইনা। ”

ভোটার তালিকা করতে দেড় বছর লাগবে; প্রধান নির্বাচন কমিশনারের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় শেখ হাসিনা বিবিসিকে বলেন, “এই এপ্রিলের ১২ তারিখে তাদের (তত্ত্বাবধায়ক সরকারের) তিন মাস হয়ে যাবে। এ সময়ের মধ্যে তারা ভোটার তালিকা করবার প্রক্রিয়াই শুরু করে নাই, এ দেরিটা কেন করা হলো? দেড় বছর পর নির্বাচনের পরিবেশ করবেন-তারপর আদৌ নির্বাচন হবে কি-না একটা অনিশ্চয়তার মধ্যে দেশবাসীকে ঠেলে দেওয়া মনে হয় ঠিক হয় নাই।”

সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, “আমরা ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজটা করছি যাতে ভোটার তার নিজের ভোটটা দিয়ে একজন পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারে। আমরা দায়বদ্ধ জনগণের কাছে। শুধু রাজনীতিবিদদের জন্য ভোটার তালিকা করছি এমনটি নয়।”

তিনি বলেন, “দেড় বছর সময় কমিয়ে আনা গেলে নিশ্চয়ই আনবো। তবে আমরা গতানুগতিক ভোটার তালিকা করতে চাই না। সরকারের ক্রয় পদ্ধতি মেনে একধাপও শর্টকার্ট করার উপায় নেই। আমাদের সময় দিকেই হবে। শর্টকার্ট বা তাড়াহুড়ো করলে পুরনো পদ্ধতিতেই ভোটার তালিকা করা যেত।”

আফগানিস্তানের উদাহরণ দিয়ে সাখাওয়াত হোসেন বলেন, ‘‘ছবিসহ ভোটার তালিকা করা গেলে এতে সর্বোচ্চ দুই থেকে আড়াই শতাংশ ভুল হতে পারে। আফগানিস্তানে এ ধরনের ভোটার তালিকা করে মাত্র এক শতাংশ ভুল পাওয়া গেছে।”

চলতি মাসের শেষ সপ্তাহে অথবা আগামি মাসের শুরুতে পরীক্ষামূলক ভোটার তালিকা তৈরির কাজ শুরু হবে বলেও তিনি জানান।

তার দেওয়া তথ্য অনুযায়ী, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অর্থায়নে দুই এক সপ্তাহের মধ্যে বিদেশী পরামর্শক নিয়োগের পর ভোটার তালিকার প্রকল্প প্রস্তাব চূড়ান্ত করা হবে। এর পাশাপাশি ল্যাপটপ কম্পিউটার, ডিজিটাল ক্যামেরা, জেনারেটরসহ নানান উপকরণ পর্যায়ক্রমে পাওয়ার সঙ্গে সঙ্গে ভোটার তালিকা তৈরির কাজও চলবে। বিদেশি পরামর্শকরা চলে গেলে দেশি পরামর্শের সহায়তায় চলবে ভোটার তালিকা তৈরির কাজ।

তিনি জানান নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে সব জয়গায় ১০ জনের একটি ইউনিট করা হবে। সঠিক প্রার্থীকে চিহ্নিত করতে এই ইউনিটে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্য, সর্বশেষ নির্বাচনে জয়ী প্রার্থীর নিকটতম দুজন হেরে যাওয়া প্রার্থী অন্তর্ভুক্ত হবেন। এর পরেও কোনো ভুয়া ভোটারকে চিহ্নিত করা হলে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। আঙ্গুলের ছাপ থাকায় দ্বৈত ভোটার সনাক্ত করা যাবে সহজেই।