২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার আদালতে হাজির করা হচ্ছে তারেক রহমানকে

দোষী না নির্দোষ? বৃহস্পতিবার কাঠগড়ায় দাঁড়িয়ে এ প্রশ্নের জবাব দিতে হবে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2007, 07:21 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

আদালত সূত্র জানায়, সকাল সাড়ে ১০ টায় ঢাকার দ্রুত বিচার আদালত-২ এর হাকিম আবদুর রউফ খানের আদালতে তাকে হাজির করা হবে।

দ্রুত বিচার আইনে চাঁদাবাজি মামলার অভিযোগ গঠনের জন্য এ প্রশ্ন করবেন আদালত। দোষ স্বীকার করলে এ দিনই তারেকের শাস্তি প্রক্রিয়া শুরু হবে, আর নির্দোষ দাবি করলে শুরু হবে বিচার প্রক্রিয়া।

এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ এনে তারেক রহমানের বিরুদ্ধে ৮ মার্চ আমিন আহম্মেদ ভূঁইয়া নামে একজন ঠিকাদার গুলশান থানায় দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন।

যৌথবাহিনীর সদস্যরা ৭ মার্চ রাতে খালেদা জিয়ার মঈনুল সড়কের বাসা থেকে তারেক রহমানকে গ্রেপ্তার করে। পরদিন আমিন আহম্মেদ ভূঁইয়া গুলশান থানায় তারেকের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে চাঁদাবাজির মামলাটি করেন।

চাঁদাবাজি মামলার বাদি এজাহারে বলেছেন, তারেক রহমান ৪ জানুয়ারি তাকে হাওয়া ভবনে ডেকে নিয়ে বলেন, ঠিকাদারি করতে হলে তাকে নিয়মিত চাঁদা দিতে হবে। তিনি এ সময় এক কোটি টাকা দাবি করেন। ভয় পেয়ে আমিন আহম্মেদ এক কোটি টাকা দিতে রাজি হন।

এরপর তিনি বন্ধু ক্যাপ্টেন (অব.) সবুরকে সঙ্গে নিয়ে এক কোটি টাকার একটি ব্যাংক চেক দিতে তারেক রহমানের কাছে যান। কিন্তু তারেক নগদ টাকা দাবি করেন। পরে বাদীর ভাই ফারুখ আহম্মেদ দুটি ব্রিফকেসে করে এক কোটি টাকা হাওয়া ভবনে গিয়ে তারেকের সহযোগী অপুর কাছে দিয়ে আসেন। পরদিন তারেক টাকা পেয়েছেন বলে তাকে জানান।

আমিন আহম্মেদ ভূঁইয়া সদ্য বাতিল হওয়া জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (চাটখিল) আসনে বিএনপি দলীয় প্রার্থী ছিলেন। তিনি গুলশানে বহুতল বিপণীবিতান উদয় টাওয়ারের মালিক।