প্রতারণার অভিযোগে সাবেক সাংসদ নাদিম মোস্তফার বিরুদ্ধে মামলা
চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে সোমবার বিকেলে বিএনপি দলীয় সাবেক সাংসদ নাদিম মোস্তফাসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছির আলহাজ মোকসেদ আলী বাদী হয়ে পুঠিয়া থানায় মামলাটি দায়ের করেছেন।
পুঠিয়া থানার কর্তব্যরত কর্মকর্তা এএসআই শাহজাহান জানান, নাদিম মোস্তফার সহযোগী হিসেবে আসামী করা হয়েছে ভালুকগাছির নাজমুল গণি মিন্টু, ভরমপুরের আবদুল মজিদ এবং ওমর আলীকে।
মামলার অভিযোগে জানা গেছে, ২০০২ সালের ২৯ এপ্রিল ভরমপুর কলেজে তার ছেলে গোলাম মোস্তফাকে প্রভাষক পদে নিয়োগ দেওয়ার জন্য নাদিম মোস্তফা তার কাছ থেকে এক লাখ টাকা নেয়। এ টাকা নিয়ে চাকরি দেওয়ার জন্য সহযোগী হিসেবে দায়িত্ব নেন অপর আসামীরাও। কিন্তু দীর্ঘ দুই বছরেও চাকরি না দিয়ে শুধু ঘোরানো হয়েছে তাকে।
মোকসেদ আলী জানান, চাকরি না দিলেও রাজনৈতিক চাপ এবং ভয়ে এতোদিন টাকা ফেরত চাইতে পারেননি তিনি।
