ফরিদপুরে ইউপি চেয়ারম্যান ও ভুয়া ক্যাপ্টেন গ্রেপ্তার
সদর উপজেলার কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহিদুল ইসলাম মোল্লা ওরফে আহিদকে (৪০) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। একই দিন র্যাব--৮ এর একটি দল নগরকান্দা উপজেলার ছাগলদী গ্রাম থেকে র্যাবের ক্যাপ্টেন পরিচয় দানকারী আরিফ ইসলামকে (২৮) গ্রেপ্তার করেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হালিম জানান, গ্রেপ্তারকৃত চেয়ারম্যান আহিদের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির মামলা ও একাধিক অভিযোগ রয়েছে।
এদিকে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, র্যাব--৮ এর একটি দল নগরকান্দা উপজেলার ছাগলদী গ্রাম থেকে র্যাবের ক্যাপ্টেন পরিচয় দানকারী আরিফ ইসলাম (২৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে। র্যাবের জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, তার আসল নাম সবুর প্রামাণিক। বাবার নাম বেলাল প্রামাণিক। বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পরানপুর গ্রামে।
এ ঘটনায় র্যাব--৮ বাদী হয়ে মামলা করেছে।
