ঋণ পুনঃতফসিল করতে হবে নির্বাচনের এক বছর আগেই
নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে ঋণখেলাপিদের বিরুদ্ধে আরও কঠোর আইন করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এতোদিন নির্বাচনের ঠিক আগে প্রার্থীদের ঋণ পুনঃতফসিল করলেই চলতো। কিন্তু এখন থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার অন্তত এক বছর আগেই ঋণ পুনঃতফসিল করতে হবে।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়া জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন রোববার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, নির্বাচনী আইন (গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২) সংস্কার করার জন্য আমরা প্রতিদিন বৈঠকে বসছি। সংস্কারের পর সেসব আইন আমাদের বাস্তবায়ন করতেই হবে। যে সব সংস্কার বাস্তবায়ন করতে পারবো না, আমরা সেগুলোতে হাত দিচ্ছি না।
আইন সংস্কারের পাশাপাশি কমিশন নির্বাচনী আচরণবিধিতেও সংস্কার আনা হচ্ছে বলে জানান সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, নতুন সংস্কার আইনে আচরণবিধি লঙ্ঘনকারী প্রার্থীদের জরিমানা থেকে শুরু করে প্রার্থিতা বাতিলের বিধান রাখা হচ্ছে। এতে প্রার্থীদের আগাম প্রচারণার বিরুদ্ধেও বিধান থাকছে। প্রার্থীরা দাখিল করা সম্পত্তির হিসাবে কারচুপি করলে এর বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেবে কমিশন ।
সংস্কার আইনে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক রাজনৈতিক দলগুলোর নিবন্ধন করা বাধ্যতামূলক হচ্ছে ÑÑ এ কথা মনে করিয়ে দিয়ে সাখাওয়াত হোসেন বলেন, “ সব রাজনৈতিক দলের জন্য নিবন্ধন বাধ্যতামূলক নয়। কিন্তু কোনো দল নির্বাচন করতে চাইলে, তাকে এখন থেকে বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হবে। নতুন দল ও পুরনো দলের জন্য নিবন্ধনের দুই রকম শর্ত পূরণ করতে হবে।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “কমিশন যথেষ্ট স্বাধীন। তবে নির্বাচন কমিশন সচিবালয়কে স্বাধীন করতে হলে সংবিধান সংস্কার করা ছাড়া সম্ভব নয়। তাই সরকারকে আমরা বলব, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে তারা যেনো এটি করার উদ্যোগ নেয়।”
প্রসঙ্গত, কমিশনের পক্ষ থেকে এর আগে জানানো হয়েছে, নির্বাচনের আইন সংস্কার করে কর ও বিলখেলাপীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা, একজন প্রার্থীর তিনটির বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা না করা, স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার ইত্যাদি ব্যবস্থা করা হবে। প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার বিষয়টিও কমিশন বিবেচনা করছে বলে জানায়।
