ফরিদপুরের বিএনপি নেতা নাসিরুল ইসলাম কারাগারে
হত্যা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ঢাকায় র্যাব--৩ এর হাতে আটক বিএনপি নেতা খন্দকার নাসিরুল ইসলামকে বিশেষ ক্ষমতা আইনে এক মাসের আটকাদেশ দিয়ে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নাসিরুল ইসলাম ১৯৯৬ সালের ১৫ ফেব্র“য়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ফরিদপুর--১ আসন থেকে সাংসদ নির্বাচিত হন।
ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হালিম জানান, বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলতান মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকায় র্যাবের হাতে আটক নাসিরুল ইসলামকে শুক্রবার সকাল পৌনে ৯টায় ফরিদপুর কোতয়ালি থানায় নিয়ে আসে।
তিনি জানান, নাসিরুল ইসলামের বিরুদ্ধে বোয়ালমারীর ডোবরা গ্রামে ইউসুফ মাতুববর হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে।
সন্ধ্যায় তাকে জেলা ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে নেওয়া হলে আদালত তাকে এক মাসের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২০০১ সালে জোট সরকার ক্ষমতায় এলে নাসিরুল ইসলাম বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি হন। ২০০৫ সালের ৩০ আগস্ট ফরিদপুর--১ আসনের উপ--নির্বাচনে দলীয় প্রার্থী শাহজাফরের বিরোধিতা করায় দল থেকে তাকে বহিষ্কার করা হয়।
গত বৃহস্পতিবার দুপুরে ঢাকার মালিবাগের একটি বাসা থেকে তাকে আটক করে র্যাব--৩ এর একটি দল।
