২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মওদুদের ব্যাংক হিসাব দিতে হবে না: হাইকোর্ট

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের ব্যাংক হিসাব সম্পর্কিত তথ্য রাজস্ব বোর্ডে (এনবিআর) সরবরাহের ব্যাপারে ব্যাংকগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। একইসঙ্গে মওদুদের স্ত্রী হাসনা মওদুদের ব্যাংক হিসাব জব্দ করা ও তথ্য সরবরাহ সংক্রান্ত বিধির কার্যকারিতাও স্থগিত করে দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2007, 04:28 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

অবশ্য মওদুদ আহমেদের ব্যাংক হিসাব জব্দের আদেশের ওপর আদালত স্থগিতাদেশ না দেওয়ায় সাবেক আইনমন্ত্রী কোনো ধরনের ব্যাংক লেনদেন করতে পারবেন না।

বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি আবদুল আওয়াল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার মওদুদ আহমেদের ব্যাংক হিসাব জব্দ করা ও এ সম্পর্কিত তথ্য রাজস্ব বোর্ডে সরবরাহ সংক্রান্ত আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে এনবিআর চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে। চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে হবে।

আদালতের আদেশের প্রতিক্রিয়ায় ব্যারিস্টার মওদুদ সাংবাদিকদের বলেন, প্রচলিত আইনের অধীনেই যে কোনো করদাতার কর সম্পর্কিত তথ্য চাইতে পারে এনবিআরা। কিন্তু তারা সেটি না করে যেভাবে ফলাও করে হিসাব জব্দ করল তাতে আমার ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড গত ১ মার্চ বিভিন্ন ব্যাংকে চিঠি দিয়ে ব্যারিস্টার মওদুদ আহমেদ, তার স্ত্রী হাসনা মওদুদ ও পরিবারের সব সদস্যের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয়। এছাড়া তাদের হিসাব সম্পর্কিত তথ্য ৮ মার্চের মধ্যে রাজস্ব বোর্ডে সরবরাহের জন্যও নির্দেশ দেওয়া হয় ব্যাংকগুলোকে।

মওদুদ ও হাসনা মওদুদের পক্ষে রিট মামলা পরিচালনা করেন ব্যারিস্টার রফিক উল হক। সরকার পক্ষে ছিলেন অতিরিক্ত এটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ।