২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেখালেখি করে সময় কাটাবেন শেখ হাসিনা

আপাতত লেখালেখি করেই সময় কাটাবেন শেখ হাসিনা। ঘরে--বাইরের সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করার সরকারি ঘোষণা সম্পর্কে সরাসরি কোনো প্রতিক্রিয়া না জানালেও আওয়ামী লীগ সভানেত্রী বলেছেন, এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করার অভিজ্ঞতা তার দলের আছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2007, 07:58 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জিল্লুর রহমানকে শুক্রবার বিকালে  দেখতে গিয়ে শেখ হাসিনা এসব কথা বলেন।

তিনি বলেন, “এখন তো কোনো কাজ নেই। আমরা ঠিক করেছি লেখালেখির কাজগুলো শেষ করে ফেলব। সরকার রাজনীতি বন্ধ করেছে করুক। এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করার অভিজ্ঞতা আমাদের আছে।”

বৃহস্পতিবার রাত থেকে তাকে কার্যত নজরবন্দি করা হয়েছে বলে ২/১ টি জাতীয় দৈনিকে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে সে সম্পর্কে তিনি বলেন, “নজরবন্দি করা হলে আমি এখানে কীভাবে আসলাম? এটাই তো বড় প্রমাণ।”

আওয়ামী লীগের নেতাদের গ্রেফতারের প্রসঙ্গে তিনি বলেন, “চোরদের সঙ্গে আমাদের মেলানো হলো এটাই দুঃখ।”

তিনি বলেন, ওবায়দুল কাদের ‘ক্লিন মানুষ’। তিনি দুর্নীতি করেননি।

বিকাল পৌনে ৬টার দিকে শেখ হাসিনা ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান। এ সময় সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, আব্দুল মান্নান, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও ডা. দিপু মণি প্রমুখ তার সঙ্গে ছিলেন। তারা সবাই ৭৯ তম জন্মদিন উপলক্ষে জিল্লুর রহমানকে শুভেচ্ছা জানান।

ডায়াবেটিস ও কিডনি জটিলতার কারণে বুধবার জিল্লুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়।