ময়মনসিংহে সম্পত্তির হিসাব দিতে এসে গ্রেপ্তার ৩
জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে সম্পত্তির হিসাব দিয়ে বেরিয়ে যাওয়ার সময় যুবদলের সাধারণ সম্পাদক এনামুল হক আকন্দ লিটন, ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন এবং মোটর মালিক সমিতির নেতা জাহাঙ্গীর কবিরকে আটক করেছে যৌথবাহিনী।
এর আগে ময়মনসিংহ--৪ আসনের বিএনপির সাবেক সাংসদ দেলোয়ার হোসেন খান দুলুকে আটক করে এক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়।
ময়মনসিংহের দায়িত্বপ্রাপ্ত কর্নেল সালাহউদ্দিন নফহবংি২৪.পড়স --কে জানান, জেলা দুদক কার্যালয়ে সম্পদের হিসাব দিয়ে বের হওয়ার সময় সাবেক সাংসদ দুলুকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে ১২টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।
এদিকে সাবেক সাংসদ দেলোয়ার হোসেন খান দুলু জানান, যৌথবাহিনীর সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। পরে কিছুক্ষণ বসিয়ে রাখার পর ছেড়ে দেয়। এর বেশি কিছু বলতে রাজী হননি তিনি।
দুলু ছাড়াও বুধবার আরও যে দুই ব্যক্তি সম্পদের হিসাব দেন তারা হলেন জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল হক শামীম এবং ময়মনসিংহ-- ২ আসনের (ফুলপুর) সাবেক সাংসদ শহীদ সারোয়ার।
এদিকে বুধবার বিকেল পাঁচটার মধ্যে জেলা যুবদলের সাধারণ সম্পাদক এনামুল হক আকন্দ লিটন, ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, জেলা স্বেচ্ছাসেবক লীগের কোতয়ালি থানার সভাপতি আফাসউদ্দিন, জেলা মোটর মালিক সমিতির নেতা জাহাঙ্গীর কবিরসহ আট ব্যক্তিকে দুদক কার্যালয়ে হাজির হয়ে সম্পদের হিসেব দিতে বলা হয়। আটজনের মধ্যে সাতজন হিসাব দাখিল করে। এসময় উল্লিখিত তিনজনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
