২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট মহানগর বিএনপি সভাপতিকে একমাসের আটকাদেশ

সিলেট মহানগর বিএনপির সভাপতি ও নগরীর ১৮ নং ওয়ার্ডের কমিশনার আরিফুল হক চৌধুরীকে এক মাসের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2007, 06:35 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

দুর্নীতি দমন কমিশনের তালিকাভুক্ত এই বিএনপি নেতা রোববার দুপুর পৌনে ১ টায় আইন --শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।

তাঁকে দুপুর থেকে বিকেল পর্যন্ত সিলেট নগরীর রিকাবিবাজারে অস্থায়ী সেনা ক্যাম্পে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বিকেল ৪টা ১৪ মিনিটে তাঁকে সিলেট কোতোয়ালি থানা পুলিশ হেফাজতে পাঠানো হয়।  পরে সেখান থেকে আমল গ্রহণকারী আদালত-- ১ (সদর সিলেট) এ নিয়ে যাওয়া হলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দেবজিৎ সিন্হা তাকে একমাসের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরিফুল হক চৌধুরী চারদলীয় জোট সরকার আমলের পুরো পাঁচ বছর ছিলেন সিলেটের প্রভাবশালী ব্যক্তিদের একজন। সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ঘনিষ্ঠজন হিসেবে তিনি আলোচিত ছিলেন। তাঁর ক্ষমতার দাপট এবং বিত্ত-- বৈভবের মালিক হয়ে ওঠা নিয়ে সরকারের একাধিক গোয়েন্দা সংস্থায় বিভিন্ন আরিফের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এবং তথ্য প্রমাণ রয়েছে বলে জানা গেছে।

এ কারণে দেশে জরুরি অবস্থা জারির পর থেকে তিনি আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে জায়গা দখল, সরকারি সম্পত্তি লুটপাট, কমিশন বাণিজ্য, রাজনৈতিক দলবাজির জন্য অস্ত্রধারী সন্ত্রাসী প্রতিপালনের অভিযোগ রয়েছে।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন বলেন, ‘আরিফ দুপুর দুপুরে  সেনা ক্যাম্পে আত্মসমর্পন করেছেন।

তিনি আরও বলেন, তাঁকে দুর্নীতি দমন কমিশনের ১৫ ধারা ও ঠিকাদার নূরুজ্জামানের চাঁদাবাজি মামলায় আসামি দেখানো হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। সব অভিযোগের তদন্ত করবে পুলিশ। তবে দুর্নীতি বিষয়গুলো তদন্ত করবে দুদক।