২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মির্জা আব্বাস সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল’

সেগুন বাগিচায় দুর্নীতি দমন কমিশনের সামনে রোববার সকাল থেকেই জমে উঠেছিল নাটক। তবে সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংকটি ছিল সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসকে ঘিরে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2007, 04:00 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

বেলা সোয়া বারোটার দিকে সম্পত্তির হিসাব দিতে দুদক কার্যালয়ে আসেন আব্বাস। স্ত্রী আফরোজা মির্জা আর দলীয় কয়েকজন কর্মী সমর্থককে নিয়ে তিনি যখন কমিশন ভবনের দোতালায় পরিচালক তানকিন হক সিদ্দিকীর কক্ষে প্রবেশ করেন, তখনই তার পিছু পিছু দোতালায় উঠে কক্ষের আশপাশে অবস্থান নেয় র‌্যাব আর যৌথবাহিনীর দুটি আলাদা দল। তারা সেখান থেকে বের করে দেন সাংবাদিকদের। প্রায় আধঘণ্টা পর দোতলায় ওঠার সিঁড়ি ও এর আশপাশ থেকেও কর্মী--সমর্থকসহ লোকজনদের সরিয়ে দেওয়া হয়।

প্রায় একঘন্টা পর হিসাব দিয়ে পরিচালকের কক্ষ থেকে বের হওয়া মাত্রই মীর্জ আব্বাসকে ঘিরে ধরে যৌথবাহিনী। ‘খারাপ লাগছে’ বলে ওষুধ খেতে চান তিনি। ওষুধ খাওয়ার পর বেলা ১টা ১০ মিনিটে তাকে নিয়ে যায় যৌথবাহিনী।

গ্রেপ্তারের আগে মির্জা আব্বাস সাংবাদিকদের বলেন, æসন্দেহভাজন দুর্নীতিবাজ হিসেবে সম্পত্তির হিসাব দিতে আজ আমাকে দুর্নীতি দমন কমিশনে আসতে হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমাকে গ্রেপ্তারও করতে পারে। যারা আমার সঙ্গে অমানবিক আচরণ করছে তাদেরও বিচার হবে।”

সাবেক মন্ত্রী বলেন, æআমি ঢাকার মেয়র ছিলাম। তখন কেউ আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনতে পারেনি। একইভাবে মন্ত্রণালয়ও চালিয়েছি। কিছু স্বার্থান্বেষী মহলের স্বার্থ রক্ষা করতে পারিনি আমি। তারা সরকারি বাড়ি নিজেদের নামে বরাদ্দের দাবি জানিয়েছিল। গুলশান, বারিধারা লেক, আশুলিয়ার নিম্নাঞ্চল ভরাট করার প্রস্তাব দিয়েছিল। আমি রাজি না হওয়ায় তাদের রোষের মুখে পড়েছি।”

তিনি অভিযোগ করে বলেন, æকিছু পত্রিকা আমার সঙ্গে অমানবিক আচরণ করেছে। পত্রিকাগুলো আমাকে এবং আমার ভাইকে যেভাবে চিহ্নিত করেছে, আমি আসলে সেরকম নই।”

দুদক পরিচালকের কক্ষ থেকে বেরিয়ে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা মির্জাও দাবি করেন তার স্বামী নির্দোষ, æতিনি সব সময় ন্যায়ের পক্ষে, জনগণের পক্ষে। আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই আজ তিনি সম্পত্তির হিসাব দাখিল করতে এসেছিলেন।”