২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে জাপা সাংগঠনিক সম্পাদক ও যুবদলের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

সিলেট জেলা জাতীয় পার্টির (এরশাদ) সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়ন চেয়ারম্যান উসমান আলী এবং যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিককে শনিবার গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2007, 06:56 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

উসমান আলীকে শনিবার বিকেলে গ্রামের বাড়ি বানেশ্বরপুর থেকে আটকের পর দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে দুপুরে আশিককে গ্রেপ্তারের পর বিকেলে তাকে সিলেট কোতয়ালি থানাপুলিশ হেফাজতে নেওয়া হয়।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, জাতীয় পার্টি নেতা উসমান আলীর বিরুদ্ধে ২০০৪ সালের ২২ ফেব্রুয়ারি পূবালী ব্যাংক দক্ষিণ সুরমা শাখায় ২২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ আছে। সে সময় তার বাড়ি থেকে ছিনতাই করা পাঁচ লক্ষ টাকা, আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল।

অন্যদিকে, সুনামগঞ্জের ছাতকের বাসিন্দা যুবদল কেন্দ্রীয় কমিটির সহ--সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিকের বিরুদ্ধে জোট সরকার ক্ষমতায় থাকাকালে বিদেশে লোক পাঠানোর নাম করে প্রতারণা এবং জায়গা দখলের অভিযোগ রয়েছে।

দক্ষিণ সুরমা থানার ভারপপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহরুফ মোহাম্মদ শাহনূর বলেন, উসমান আলীর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকা-, অস্ত্রবাজি ও দুর্নীতির বিস্তর অভিযোগ আছে। ২০০৭ এর বিশেষ ক্ষমতা আইনে তাকে আদালতে পাঠানো হবে।

যুবদলের কেন্দ্রীয় নেতা আশিক সম্পর্কে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন বলেন, তার বিরুদ্ধে বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণা, সন্ত্রাসী পালনসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ আছে।