২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলীয় নেতাকর্মী হত্যার বিচার চেয়েছেন হাসিনা

শেখ হাসিনা জোট সরকারের আমলে তার দলের অসংখ্য নেতা-কর্মীদের হত্যা করা হয়েছে দাবি করে এসব ঘটনার তদন্ত ও বিচার করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2007, 09:32 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

আওয়ামী মটর চালক লীগের নেতা-কর্মীদের সঙ্গে  এক মতবিনিময় অনুষ্ঠানে  হাসিনা এই আহবান জানান।

শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে অনুষ্টিত সভায় হাসিনা সরকারকে উদ্দেশ করে বলেন,“দয়া করে টিন চোর আর কম্বল চোরদের সঙ্গে আমাদের এক পাল্লায় ফেলবেন না। ব্যালেন্স করার জন্য আমাদের লোকদের ধরলে আমরা প্রশ্ন করতে বাধ্য হবো। এটা মেনে নেওয়া যায় না।”

তিনি বলেন,“সব চোর ধরা পড়ছে। কিন্তু মহাচোর ধরা পড়ছে না। দুর্নীতিবাজদের তালিকাতেও তাদের নাম নেই। গত পাঁচ বছরে স্বাস্থ্যখাতে অবাধে লুটপাট হয়েছে। কিন্তু ঐ মন্ত্রণালয়ের মন্ত্রীর নাম দুর্নীতিবাজদের তালিকায় নেই।”

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন,“ষড়যন্ত্রের বেড়াজাল ভাঙ্গতে হবে। জনগণের পাশে থাকতে হবে। টিন চোর-কম্বল চোরদের হাত থেকে দেশ মুক্ত হোক সেটাই সকলে চায়।”

এর আগে,আদাবর থানা মটর চালক লীগের যুগ্ম আগবায়ক আসলাম ফকিরের স্ত্রী ও সন্তানেরা শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। গত বছরের ৪ ডিসেম্বর অবরোধ কর্মসূচী চলাকালে রাজধানীর রাসেল স্কোয়ারে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।