২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মশুদ্ধির মাধ্যমে দলকে শক্তিশালী করা হবে : মান্নান ভূঁইয়া

আত্মশুদ্ধির মাধ্যমে বিএনপিকে শক্তিশালী করার অঙ্গীকার করেছেন বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2007, 06:42 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

মঙ্গলবার বিকেলে শিশু একাডেমীর জিয়াউর রহমান মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, ‘‘ বিএনপি একটি শক্তিশালী দল। এই দলের কোনো ক্ষতি হবে না। প্রয়োজন হলে আমাদের আত্মশুদ্ধি ও আত্ম সমালোচনা করতে হবে। এর মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে একটি সুধী ও আদর্শমূখী দেশে পরিণত করতে পারব। ’’

সভাপতির বক্তব্যে মান্নান ভূঁইয়া ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, “বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন দেশপ্রেমিক, সৎ রাষ্ট্রনায়ক ও মুক্তিযুদ্ধের ঘোষক ছিলেন। এজন্য জনগনের কাছে তার গ্রহনযোগ্যতা বেশি।” তিনি  অপসংস্কৃতি থেকে দেশী সংস্কৃতি রক্ষায় সবাইকে এক হওয়ার আহবান জানান।

আলোচনা সভায় মহানগর বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, “যারা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করতে চায়, তাদের মোকাবেলা করতে আমাদের গনতন্ত্রকে সমুন্নত রাখতে হবে। নিজেদের আত্মসমালোচনা করতে হবে।”

দলের সহসভাপতি এম কে আনোয়ার বলেন, “যাদের বিরুদ্ধে কিছু প্রশ্ন উঠেছে, তার জবাব তাদেরকেই দিতে হবে। এর দায়ভার দলের পক্ষে নেয়া সম্ভব হবে না।”

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, আর এ গনি,মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ, ইনাম আহমেদ চৌধুরী, আবদুল মঈন খান ও এ এইচ এম মোফাজ্জল করিম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এয়ারভাইস মার্শাল(অব.) আলতাফ হোসেন চৌধুরী, মোশারেফ হোসেন শাহজাহান, ওসমান ফারুক, সেলিমা রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, এবায়দুর রহমান চৌধুরী,  আবদুস সালাম প্রমুখ।

আলোচনা সভা শেষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

ভাষা দিবস উপলক্ষে বিএনপির দু‘দিন ব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে বুধবার সকাল ৬টায় আজীমপুর বলাকা সিনেমা হলের কাছ থেকে প্রভাতফেরীর মাধ্যমে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করবে। ২১ ফেব্র“য়ারির প্রথম প্রহরে খালেদা জিয়া সিনিয়র নেতাদের নিয়ে শহীদ মিনারে ফুল দেবেন।