নির্বাচনী আইন সংস্কারের পরেই সংসদ নির্বাচন: সিইসি
নির্বাচনী আইন সংস্কারের পরেই সংসদ নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন।
এ জন্য কমিশন নির্বাচন সম্পর্কিত আইন (গণপ্রতিনিধিত্ব আদেশ--১৯৭২) সংস্কার করার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি তারা ভোটার পরিচয়পত্র করার বিষয়টিও খতিয়ে দেখছে। এ সম্পর্কে সেনাবাহিনীর প্রস্তাব বিবেচনা করে দেখা হবে।
১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ সংস্কার করার জন্য নির্বাচন কমিশনাররা রোববার ১২টি ধারা নিয়ে আলোচনা করেছেন। পরে অন্যান্য প্রাসঙ্গিক আইন সংস্কার করা হবে বলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদা রোববার সাংবাদিকদের জানান।
ড. হুদা জানান, সংস্কার আইনে ঋণ, কর, ও বিলখেলাপীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা, রাজনৈতিক দলের বাধ্যতামূলক নিবন্ধীকরণ, প্রার্থীদের সর্ব্বোচ্চ দুই আসনে প্রতিদ্বন্দ্বী করা, স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার ইত্যাদির কথা বলা হয়েছে। তবে তারা কম্পিউটারে ভোটদান পদ্ধতির কথা একেবারেই ভাবছেন না।
নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে নির্বাচনের সময় ঘোষণা করবেন বলে সিইসি জানান।
নির্বাচন হবে কবে -- এ প্রশ্নের জবাবে সিইসি বলেন, “সেটা আর কিছুদিন গেলে বলতে পারবো। এখন আমাদের আইনগুলো দেখতে হচ্ছে। নির্বাচন অনুষ্ঠানে কতো সময় লাগবে তা নির্ভর করছে সহযোগী কর্মকর্তা, প্রতিষ্ঠান ও মন্ত্রণালয়গুলোর ওপর। আরও দু -- একটা বৈঠকের পর এ বিষয়ে বলতে পারবো।”
আরেক প্রশ্নের জবাবে ড. হুদা জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ--১৯৭২, সংবিধান, নির্বাচন সম্পর্কিত অন্যন্য আইন খতিয়ে দেখে তারা একটি সংস্কারমূলক আইনের খসড়া তৈরি করবেন। এরপর রাজনৈতিক দল, সুশীল সমাজ ও সরকারের মতামত নিয়ে নতুন করে আরেকটি আইনের খসড়া করে তা মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
তিনি বলেন, “আইন করলেই তো হবে না। আইন তো অনেক আছে; কিন্তু তা বাস্তবায়ন হয় না। আইন বাস্তবায়নের সামর্থের দিকটিও আমাদের দেখতে হবে।”
অতীতের নির্বাচন কমিশনের কথা মনে করিয়ে দিয়ে সিইসি বলেন, “এর আগে নির্বাচন কমিশন একবার এরকমভাবে নির্বাচনী আইন সংস্কার করার উদ্যোগ নিয়েছিল, কিন্তু তারা তা পারেনি। এখন যেহেতু অনুকূল পরিবেশ আছে, আশা করি সবগুলো প্রস্তাবিত আইনই বাস্তবায়ন হবে; আমরা সফল হবো।”
তিনি জানান, সুশীল সমাজের পক্ষ থেকে নির্বাচন সর্ম্পকিত নানা প্রস্তাব তাদের কাছে আসছে। তারা এ সব প্রস্তাব পর্যালোচনা করে দেখছেন।
একটি নির্ভুল ভোটার তালিকার প্রশ্নে সিইসি ড. হুদা বলেন, “২০০০ সালের ভোটার তালিকার ওপর হাত দেওয়া যাবে না বলে সুপ্রিম কোর্টের রায় আছে। তাই এই ভোটার তালিকাকে ভিত্তি করেই আমরা অগ্রসর হবো।”
এ সময় নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন এবং কমিশন সচিব মুহাম্মদ হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।
এর আগে রোববার সকালে সিইসি ড. এ টি এম শামসুল হুদা, নির্বাচন কমিশনারদ্বয় ও কমিশন সচিব উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা নফহবংি২৪.পড়স কে বলেন, নির্বাচনী আইন সংস্কারের বিষয়টি নিয়েই প্রধান নির্বাচন কমিশনার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
‘গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২’ সংস্কারের জন্য একটি খসড়া আইন কমিশন আইন মন্ত্রনালয়ে পাঠাবে বলে জানান ওই কর্মকর্তা। তিনি বলেন,“আইন মন্ত্রণালয়ের মতামত সাপেক্ষে রাষ্ট্রপতি এ বিষয়ে অধ্যাদেশ জারি করবেন।”
