আদিবাসী ও সংখ্যালঘুদের ভোটার তালিকাভুক্তির দাবি
ভোটার তালিকায় আদিবাসী ও সংখ্যালঘুদের অন্তর্ভূক্তির দাবি জানিয়েছে সম্মিলিত নাগরিক সমাজ।
এছাড়া তারা দ্রুততম সময়ে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবিও করেছে।
বৃহস্পতিবার সংগঠনের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদার সঙ্গে সাক্ষাত করে এ সব দাবি জানায়।
সাবেক কূটনীতিক ওয়ালিউর রহমান, লেখক শাহরিয়ার কবির, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নাসিরুদ্দীন ইউসুফ বাচ্চু, গোলাম কুদ্দুস প্রমুখ ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। তাদের পক্ষ থেকে ২০ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপিও সিইসিকে দেওয়া হয়।
সিইসির সঙ্গে সাক্ষাত শেষে নাসিরুদ্দীন ইউসুফ বাচ্চু সাংবাদিকদের বলেন, “সুশীল সমাজের পক্ষ থেকে আমরা দীর্ঘদিন একটি স্বাধীন নির্বাচন কমিশন এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আন্দোলন করছিলাম। আমরা চাই কালো টাকা মুক্ত, দুর্নীতি মুক্ত ও কারচুপি মুক্ত একটি নির্বাচন।”
তিনি জানান, সিইসির সঙ্গে স্বচ্ছ ব্যালট বাক্স, ছবিসহ ভোটার তালিকা ও ভোটার পরিচয়পত্রের বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
শাহরিয়ার কবির সাংবাদিকদের বলেন, “২০০১ সালের নির্বাচনে আমরা দেখেছি, আদিবাসী ও সংখ্যালঘুদের কী ভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এবারের ভোটার তালিকার সময় আমরা আরও দেখেছি, সচেতনভাবে তালিকা থেকে তাদের বাদ দেওয়া হয়েছে।”
তিনি বলেন, “আমরা চাই, এবার যেন প্রান্তিক জনগণ, বিশেষ করে যারা আদিবাসী, নারী ও দরিদ্র মানুষ -- সবাই যেনো নিরাপদে ভোট দিতে পারে।”
শাহরিয়ার কবির জানান, সিইসি তাদের বক্তব্য শুনে প্রতিশ্র“তি দিয়েছেন, তাদের পক্ষ থেকে যা কিছু করা সম্ভব, তার সবই করা হবে।
