২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পত্তির হিসাব তুলে ধরে দৃষ্টান্ত রাখলাম: সাখাওয়াত হোসেন

নতুন নির্বাচন কমিশনার পদে শপথ নেওয়ার পরপরই ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। সাংবাদিকদের কাছে তুলে ধরলেন তাঁর সম্পত্তির হিসাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2007, 07:00 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

বুধবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, “আমার যাবতীয় সম্পত্তির হিসাব প্রকাশ করে আমি দৃষ্টান্ত রাখতে পেরেছি।”

দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের খাস কামরায় শপথ নেওয়ার পরই তিনি নির্বাচন কমিশন কার্যালয়ে যান।

সেখানে তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদা, কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং মুহাম্মদ হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর বিকেলে তিনি সাংবাদিকদের কাছে তার সম্পত্তির লিখিত হিসাব তুলে ধরেন।

প্রসঙ্গত, ১৯৮০ এর দশকে বান্দরবানে বিগ্রেড কমান্ডার হিসেবে কর্মরত থাকাকালে ২০ হাজার টন গম আতœসাতের অভিযোগ সংক্রান্ত একটি প্রতিবেদন বুধবার একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এ অভিযোগের কারণে তাকে সামরিক আদালতের মাধ্যমে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়।

এ ব্যাপারে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, “যিনি বিষয়টি লিখেছেন, তাকেই এ বিষয়ে প্রশ্ন করুন। আই অ্যাম ওপেন।”

<< সাখাওয়াত  হোসেনের সম্পত্তির বিবরণী >>

আরেক প্রশ্নের জবাবে সদ্য দায়িত্বপ্রাপ্ত কমিশনার বলেন, “আমি ইচ্ছে করে সম্পত্তির হিসাব দিয়েছি। আপনারা দেখুন আমার কী আছে। যেদিন এখান থেকে হেঁটে চলে যাব, সেদিনও এ রকম হিসাব দিয়ে যাব।”

তিনি বলেন, “আমি চাই যারা সরকারি কর্ম কমিশনে আছেন, তারা নিজেদের সম্পত্তির হিসাব দেবেন। হয়তো ভবিষ্যতে আমরা এখানেও (নির্বাচন কমিশনে) তাই চাইব। যারা রাজনীতি করবেন, তাদেরও তাই করা উচিত। একজন সৈনিক হিসেবে আমি দৃষ্টান্ত রাখলাম।”

সাখাওয়াত হোসেন জানান, সিইসি শামসুল হুদার সঙ্গে কথা বলেই তিনি তার সম্পত্তির হিসাব তুলে ধরছেন। এছাড়া সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে তিনি এমন একটি দৃষ্টান্ত সৃষ্টি করতে চান, যা বিদেশে উদাহরণ হয়ে থাকবে। এ জন্য তিনি গণমাধ্যমসহ সবার সহযোগিতা কামনা করেন।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন তৃতীয়  নির্বাচন কমিশনার।

১৯৭২ সাল থেকে এ পর্যন্ত ১০ জন সিইসি এবং ১৯ জন নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হলো।