২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সঙ্গে সংলাপ: আদালতের সিদ্ধান্ত চাইবে নির্বাচন কমিশন

নির্বাচনী সংস্কার আইন নিয়ে বিএনপির কোন অংশের সঙ্গে সংলাপে বসা হবে, সে বিষয়ে আদালতের সিদ্ধান্ত চাইবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার মুহাম্মাদ ছহুল হোসাইন বুধবার দুপুরে তার কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। নির্বাচন কমিশনার বলেন, "আমরা চেষ্টা করবো আদালত খোলার সঙ্গে সঙ্গে যাতে আমরা বিএনপির কোন অংশের সঙ্গে সংলাপে বসবো এ ব্যাপারে সিদ্ধান্ত দেয়। আদালত যার সঙ্গে সংলাপে বসতে বলবে, আমরা তার সঙ্গেই বসে আলোচনা করবো।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2007, 11:04 AM

Updated : 26 Aug 2022, 09:09 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- নির্বাচনী সংস্কার আইন নিয়ে বিএনপির কোন অংশের সঙ্গে সংলাপে বসা হবে, সে বিষয়ে আদালতের সিদ্ধান্ত চাইবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার মুহাম্মাদ ছহুল হোসাইন বুধবার দুপুরে তার কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। নির্বাচন কমিশনার বলেন, "আমরা চেষ্টা করবো আদালত খোলার সঙ্গে সঙ্গে যাতে আমরা বিএনপির কোন অংশের সঙ্গে সংলাপে বসবো এ ব্যাপারে সিদ্ধান্ত দেয়। আদালত যার সঙ্গে সংলাপে বসতে বলবে, আমরা তার সঙ্গেই বসে আলোচনা করবো।" ছহুল হোসাইন জানান, বিএনপির কোন অংশের সঙ্গে সংলাপে বসা হবে, সে বিষয়ে আদালতের সিদ্ধান্ত জানার জন্য কমিশনের পক্ষ থেকে হাইকোর্টে আবেদন করা হবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে গত ১৮ নভেম্বর হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে ওই দিন আদালত স্থায়ী কমিটি মনোনীত বিএনপির অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদকে সংলাপে ডাকার ব্যাপারে নির্বাচন কমিশনের দেয়া চিঠির কার্যকারিতা দুই সপ্তাহের জন্য স্থগিত করে। একইসঙ্গে এ চিঠিকে কেন অবৈধ ঘোষণা করা হবেনা তার কারণ জানতে চেয়েছে আদালত। নির্বাচনী আইনের সংস্কার নিয়ে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে গত ২২ নভেম্বর বিএনপির সঙ্গে সংলাপে বসার কথা ছিল নির্বাচন কমিশনের। এদিকে প্রবাসী বাংলাদেশীদের ভোটার করার বিষয়ে সরকার সম্মত হলে আইন পরিবর্তন করতে হবে -- এ কথা জানিয়ে ছহুল হোসাইন আরও বলেন, "যুক্তরাজ্য সফর করার পর কমিশনের পক্ষ থেকে এখনো এ বিষয়ে সরকারকে জানানো হয়নি। মাঝে সিডরের আঘাতে দেশের একটি বড় অঞ্চল বিধ্বস্ত হয়েছে। এখন আমরা এ বিষয়ে এ সপ্তাহেই প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবো। আমরা কাজটা কী ভাবে করতে চাই, তা তাকে জানাবো। সরকার সম্মত হলে এ জন্য আইন পরিবর্তন করতে হবে।" কমিশনার জানান, প্রাথমিক পর্যায়ে শুধু যুক্তরাজ্য প্রবাসীদেরই ভোটাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছবিসহ ভোটার তালিকাভূক্ত করতে প্রবাসীদের কাছে ভোটার তালিকার ফরম পাঠানো হবে। দূতাবাসের মাধ্যমে সেই ফরম সংগ্রহ করে প্রত্যেকের স্থায়ী ঠিকানা যাচাই করে আবার তা বাংলাদেশ দূতাবাসে পাঠানো হবে। আর যুক্তরাজ্যে তিন -চারটি নিবন্ধন কেন্দ্র খুলে ভোটারদের ছবি তোলা ও আঙুলের ছাপ নেওয়া হবে। প্রবাসী ভোটাররা পোস্টাল ব্যালট পেপারের মাধ্যমে ভোট দেবেন। আগামী জানুয়ারিতে কমিশন নির্বাচনী আসনের সীমানা পুননির্ধারণের কাজ শুরু করবে বলেও জানালেন তিনি। এ জন্য কমিশন 'জিওগ্রাফিকাল ইনফরমেশন টেকনোলজি' ব্যবহার করবে। তবে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান - এই তিন পার্বত্য জেলার তিনটি নির্বাচনী আসন ঠিকই থাকবে। কমিশন কবে নাগাদ জরুরি অবস্থা প্রত্যাহার বা শিথিল করার জন্য সরকারকে অনুরোধ জানাবে -- এ প্রশ্নের জবাবে ছহুল হোসাইন বলেন, "আমরা যখন নির্বাচনের জন্য প্রস্তুত হবো, তখনই সরকারকে তা জানাবো।.. সরকারই জরুরি অবস্থার বিষয়ে সিদ্ধান্ত নেবে। জরুরি অবস্থা কতটুকু শিথিল করা হবে, তা-ও নির্ভর করছে সরকারের ওপর।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/১৬৫২ ঘ.