ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বলেছেন, "কারো রক্তচক্ষুকে আমরা ভয় করব না। বাংলাদেশ আমাদের, আমরাই এই দেশ চালাব।"
মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে নগর জামায়াত আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মুজাহিদ এসব কথা বলেন।
তিনি বলেন, দেশকে এগিয়ে নেওয়ার জন্য সন্ত্রাস ও কালো টাকার প্রভাবমুক্ত সৎ রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশের আগামী দিনের অগ্রযাত্রা নির্ভর করছে ইসলামী জীবন ব্যবস্থার ওপর। কারণ ইসলাম কোনো চরমপন্থা বা বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেয় না। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে সহনশীল হতে হবে এবং স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষায় শপথ নিতে হবে।
মুজাহিদ বলেন, "বাইরে থেকে চাপিয়ে দেওয়া কোনো নেতৃত্ব আমরা মানব না। আমাদের নেতৃত্ব আমরাই ঠিক করব। সব রাজনৈতিক নেতৃত্বকে উপলব্ধি করতে হবে যে, দেশে আর জ্বালাও পোড়াওয়ের রাজনীতি চলবে না।"
নগর জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম ও হাবিবুর রহমান আজাদ প্রমুখ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউএম/এসএনডি/এমএ/১৯১২ ঘ.
bdnews24