ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলের আটকাদেশ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। সেইসঙ্গে অন্য কোনো মামলা না থাকলে আদালত তাকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছে।
আবদুল জলিলের আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে তার স্ত্রী রেহানা জলিলের দায়ের করা একটি রিট আবেদনের ওপর শুনানির পর বৃহষ্পতিবার বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।
রায়ের পর জলিলের আইনজীবী ব্যারিস্টার এ বি এম সিদ্দিকুর রহমান খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আবদুল জলিলের বিরুদ্ধে অন্য কোনো মামলা নেই। কেবল জরুরি ক্ষমতা বিধিমালার ১৬ (২) ধারার একটি সাধারণ এজাহার রয়েছে। তাই তার মুক্তিতে কোনো বাধা থাকার কথা নয়।"
যৌথবাহিনীর সদস্যরা গত ২৮ মে আবদুল জলিলকে গ্রেপ্তার করে। ৫ জুন বিশেষ ক্ষমতা আইনে তাকে এক মাসের আটকাদেশ দেওয়া হয়। পরে এই আটকাদেশের মেয়াদ বাড়ানো হয়।
এই আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে জলিলের স্ত্রী রেহানা জলিল গত ২৫ সেপ্টেম্বর হাইকোর্টে একটি রিট আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে জলিলের আটকাদেশে কেন অবৈধ ঘোষণা করা হবে না ২৬ সেপ্টেম্বর হাইকোর্ট সরকারের তার কারণ জানতে চায়।
বৃহস্পতিবার আদালতে জলিলের পক্ষে শুনানিতে অংশ নেন আজমালুল হোসেন কিউসি। তাকে শুনানিতে সহায়তা করেন ব্যারিস্টার এ বি এম সিদ্দিকুর রহমান।
অন্যদিকে সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা আফসার জাহান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এমএ/১৯৩৬ ঘ.
bdnews24