ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নেতা ও কিউবা-বাংলাদেশ সংহতি সমিতির সভাপতি নূরুন্নবী মারা গেছেন।
শুক্রবার সকালে রাজধানীর কমিউনিটি হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
বিকেলে নুরুন্নবীর মরদেহ ওয়ার্কার্স পার্টির কার্যালয় চত্বরে নিয়ে আসা হলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তার প্রতি শেষ শ্রদ্ধা জানায়। সেখানে উপস্থিত ছিলেন রাশেদ খান মেনন, মনজুরুল আহসান খান, হাসানুল হক ইনু, মুজাহিদুল ইসলাম সেলিম, হায়দার আকবর খান রনো, মইনউদ্দিন খান বাদল, খালেকুজ্জামান, বিমল বিশ্বাস, শরীফ নুরুল আম্বিয়া, টিপু বিশ্বাস, রুহিন হোসেন প্রিন্স, মোশরেফা মিশু প্রমুখ।
নূরুন্নবীকে সন্ধ্যায় জুরাইন কবরস্তানে সমাহিত করা হয়।
তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছ।
নুরুন্নবীর জন্ম ১৯২৫ সালের ৭ আগস্ট নওগাঁয়। তার বাবা মফিজউদ্দিন আহমেদ চৌধুরী এমএলএ ছিলেন।
ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দীর্ঘ রাজনৈতিক জীবনে নূরুন্নবী এ দেশের কমিউনিস্ট আন্দোলন ও প্রগতিশীল আন্দোলনের একজন সক্রিয় নেতা ছিলেন। রাজনৈতিক কারণে তাকে বেশ কয়েকবার কারাগারে যেতে হয়।
তিনি আরও জানান, ১৯৫০ সালে ২৪ এপ্রিল রাজশাহী কারাগারের খাপড়া ওয়ার্ডে যখন রাজবন্দীদের ওপর গুলি চালানো হয় তখন নূরুন্নবী ওই কারাগারে ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/ডিডি/এমআই/১৯২০ ঘ.
bdnews24