ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রায় চার মাস বিরতির পর বুধবার অবসরপ্রাপ্ত একজন সচিবের সাক্ষ্য নেওয়ার মাধ্যমে সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমসহ দু'জনের বিরুদ্ধে ডিজিটাল টেলিফোন লাইন দুর্নীতি মামলায় সাক্ষ্য নেওয়া শেষ হয়েছে।
বুধবার সংসদ ভবনের বিশেষ জজ আদালত- ৩ এর বিচারক শাহেদ নূরউদ্দিন মামলার সর্বশেষ সাক্ষী সাবেক সচিব নাজুল হাসান চৌধুরীর সাক্ষ্য নেন। বিচারক আগামী ১২ ডিসেম্বর আসামির জবানবন্দি নেওয়ার তারিখ দিয়েছেন।
২০০২ সালের ৮ জানুয়ারি তখনকার দুর্নীতি দমন ব্যুরো মোহাম্মদ নাসিম ও কনসোসিয়েটস লিমিটেডের পরিচালক এ এইচ এস রহমানের বিরুদ্ধে মামলাটি দায়ের করে।
এর আগে দুর্নীতির দায়ে গত ৮ অক্টোবর মোহাম্মদ নাসিমকে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। স্বামীকে সহযোগিতা করায় তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানুকেও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।
টেলিফোন সংক্রান্ত মামলাটিতে অভিযোগ করা হয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী থাকার সময় নাসিম ওয়ার্ল্ডটেল হোল্ডিং লিমিটেডকে দরপত্র ছাড়াই তিন লাখ টেলিফোন লাইন স্থাপনের কাজ দেন। একই সঙ্গে কনসোসিয়েটস লিমিটেডের পরিচালক এ এইচ এস রহমানকে ওই কাজের জন্য পরামর্শক নিয়োগ করেন।
২০০২ সালের ১৩ জুন মামলাটির অভিযোগপত্র দেওয়া হয়। এরপর বিশেষ জজ আদালতে গত ১৪ জুন অভিযোগ গঠন করা হয়। ২৬ জুন থেকে শুরু হয় সাক্ষ্য নেওয়া।
রাষ্ট্রপক্ষের সাক্ষীর তালিকায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তখনকার সচিব নাজমুল হাসানের নাম ছিল না। কিন্তু আসামি পক্ষের আইনজীবীরা তাকে 'গুরুত্বপূর্র্ণ সাক্ষী' দাবি করে তার সাক্ষ্য নেওয়ার জন্য উচ্চ আদালতে আবেদন করেন। এজন্য এ মামলার বিচারকাজ স্থগিত ছিল।
পরে উচ্চ আদালত নির্দেশ দেওয়ায় বুধবার নাজমুল হাসানের সাক্ষ্য নেওয়া হয়।
নাসিম কারাগারে আটক থাকলেও অপর আসামি এ এইচ এস রহমান চিকিৎসা নেওয়ার কথা কারণ দেখিয়ে এখন কানাডা আছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/এসকে/২০১৩ঘ.
bdnews24