২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘটনা ধরে ধরে রাজাকারদের বিরুদ্ধে কয়েকশ' মামলা করবো: তরিকত ফেডারেশন

যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে জেলায় জেলায় মামলা করবে আধ্যাত্মবাদী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ তরিকত ফেডারেশন। একইসঙ্গে যেসব শহীদ পরিবার ও নির্যাতিত ব্যক্তি যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে আদালতে যাবেন, তাদেরকে বিনা খরচে আইনি সহায়তাও দেবে সংগঠনটি। এজন্য ১০৬ সদস্যের একটি লিগাল এইড কমিটি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2007, 01:00 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে জেলায় জেলায় মামলা করবে আধ্যাত্মবাদী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ তরিকত ফেডারেশন। একইসঙ্গে যেসব শহীদ পরিবার ও নির্যাতিত ব্যক্তি যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে আদালতে যাবেন, তাদেরকে বিনা খরচে আইনি সহায়তাও দেবে সংগঠনটি। এজন্য ১০৬ সদস্যের একটি লিগাল এইড কমিটি করা হয়েছে। বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী। তিনি দাবি করেন, তাদের লিগাল এইড কমিটিরই সহায়তায় বুধবার রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা ও দলটির সমর্থক হিসেবে পরিচিত বুদ্ধিজীবী শাহ আব্দুল হান্নানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। নজিবুল বশর মাইজভাণ্ডারী বলেন, "আজ আমরা যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করিয়েছি। আগামীকালও (বৃহস্পতিবার) হত্যা মামলা দায়ের করা হবে।" আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে 'সুর্নিদিষ্ট মামলা' করতে বলেছেন, উল্লেখ করে নজিবুল বশর বলেন, "আমরা সুর্নিদিষ্ট ঘটনা ধরে ধরে রাজাকারদের বিরুদ্ধে কয়েকশ' মামলা করবো। সরকার যদি ওই সব মামলার অনুমতি না দেয়, তাহলে প্রমাণিত হবে জামায়াতে ইসলামীর সঙ্গে এই সরকারের সংশ্লিষ্টতা রয়েছে।" সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,"যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, তারা ইচ্ছে করলেই যুদ্ধাপরাধীদের বিচার করতে পারতেন। কিন্তু তারা করেননি। এজন্য জাতির কাছে তাদেরও ক্ষমা চাওয়া উচিত।" সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সংগঠনের মহাসচিব মাওলানা জাকির হোসেন। উপস্থিত ছিলেন, মাওলানা সৈয়দ গোলাম মুনয়েম হোসাইনী চিশ্তি, সৈয়দ হাবিবুল বশর মাইজভাণ্ডারী, মুতাসিম বিল্লাহ রাব্বানী, এম এ আওয়াল, অ্যাডভোকেট এম এ রাজ্জাক প্রমুখ। সংগঠনের নেতারা যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীসহ তাদের সহযোগীদের রাজনীতি নিষিদ্ধ করার দাবিও জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/এসকে/১৮৫৫ঘ.