ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জাতীয় নির্বাচনের আগে দেশে উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশ এর সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দৌজা চৌধুরী।
মঙ্গলবার সন্ধ্যায় সেগুনবাগিচায় দলীয় কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "ছবিসহ ভোটার তালিকা হওয়ার পর জনগণের আস্থা অর্জনের স্বার্থে উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে ব্যবস্থা নিতে হবে। নতুন ভোটার তালিকার ফলে জনগণের মধ্যে রাজনৈতিক চেতনা বাড়বে।"
বিকল্পধারা প্রধান একইসঙ্গে রাজধানীসহ জেলা শহরগুলোতে রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে মতবিনিময়ের প্রয়োজনে জরুরি অবস্থা শিথিল করারও আহ্বান জানান।
অনুষ্ঠানে ছাত্রদল নেতা শাহজাহান সাজুর নেতৃত্বে সংগঠনটির দুই শতাধিক নেতাকর্মী বিকল্পধারায় যোগ দেন।
এতে অন্যদের মধ্যে ড. নুরুল আমিন ব্যাপারী, মো. আরশাদুজ্জামান, সানাউল হক নিরু, সাজু কামাল, যোগদানকারী শাহজাহান সাজু প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/এসকে/১৯০৮ঘ.
bdnews24