ঢাকা, ডিসেম্বর ০২(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার মনোনীত দলীয় মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সঙ্গে দলের জ্যেষ্ঠ নেতাদের 'ছোট-খাটো বিরোধ' যোগাযোগের মাধ্যমে নিষ্পত্তি হবে বলে আশা করেন বিএনপির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়।
গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেছেন, যোগাযোগের মাধ্যমে দু'পক্ষের বিরোধ নিষ্পত্তিতে দলের নেতা-কর্মীরা খুশি হবেন বলেই তিনি মনে করেন ।
গয়েশ্বর রায় বলেন, ''আদর্শ ও পদ-পদবী নিয়ে দলে কোনো বিভেদ নেই। রাজনৈতিক প্রেক্ষাপটে অদৃশ্য শক্তির কারণে নেতারা একে অপরের কাছ থেকে দূরে আছেন। তবে মনের আড়ালে আমরা এক।''
শনিবার দুপুরে সংসদ ভবন এলাকায় ন্যাম ফ্ল্যাটে খোন্দকার দেলোয়ার হোসেনের বাসায় এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
সরকারকে উদ্দেশ্য করে গয়েশ্বর রায় বলেন, কোনো 'আদেশ' (এসআরও) জারি করে রাজনৈতিক দলে সংস্কার হবে না।
তিনি বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর থেকে নিষেধাজ্ঞা পুরোপুরি উঠে গেলে দলের কাউন্সিলে সিদ্ধান্ত হবে গঠনতন্ত্রে কোনো ধরনের সংশোধন প্রয়োজন আছে কিনা।
দৃঢ়তার সঙ্গে তিনি বলেন, সরকার অথবা নির্বাচন কমিশনের 'চাপিয়ে দেওয়া নির্দেশে' দলের গঠনতন্ত্র সংশোধন হবে না।''
''বিএনপির জন্মই হয়েছে ঐক্যের জন্য' -এ মন্তব্য করে গয়েশ্বর বলেন, "১১ জানুয়ারির পরে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে অনেক কথাই বলা যায় না।"
দলের জাতীয় ত্রাণ কমিটির আহবায়ক গয়েশ্বর রায় দক্ষিণাঞ্চলে দূর্গতদের জন্য আরও ত্রাণ, খাবার পানি ও শিশু খাদ্য সরবারহের দাবি জানান।
দূর্গত অঞ্চলের নিঃস্ব মানুষের কাছে থেকে বেসরকারি সংস্থাগুলোর ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় বন্ধ রাখার ব্যাপারে সরকারকে সরাসরি ব্যবস্থা নিতে পরামর্শ দেন তিনি।
গয়েশ্বর চন্দ্র সরকারের উদ্দেশে বলেন, ''মহাজনদের হাত থেকে অসহায় মানুষদের রক্ষা করুন।''
সংবাদ ব্রিফিংয়ে দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, সাবেক সাংসদ মোহাম্মদ শাহজাহান, গাজী মোহাম্মদ শাহজাহান, শাহিনা খান, আবুল হোসেন, সাইমুন বেগম, আবু সাইদ খান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমএসবি/এসকে/১৬০২ঘ.
bdnews24