২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হান্নান শাহর জামিনের হাইকোর্ট আদেশ স্থগিত করেনি সুপ্রিমকোর্ট

জরুরি আইন ভাঙার মামলায় বিএনপি নেতা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহর জামিনের হাইকোর্টের আদেশ স্থগিত করেনি সুপ্রিমকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2007, 04:03 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জরুরি আইন ভাঙার মামলায় বিএনপি নেতা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহর জামিনের হাইকোর্টের আদেশ স্থগিত করেনি সুপ্রিমকোর্ট। হাইকোর্টের রায় স্থগিতের জন্য সরকারের দায়ের করা আপিল আবেদন ২ ডিসেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো.হাসান আমিনের আদালত এ আদেশ দেয়। এদিকে হান্নান শাহের আটকাদেশ চ্যালেঞ্জ করে তার কৌশলী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন মঙ্গলবার হাইকোর্টে একটি রিট আবেদন পেশ করেছেন। সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল বলেন, "জরুরি আইন ভাঙার মামলায় হাইকোর্ট হান্নান শাহকে জামিন দিয়েছিল, এ বিষয় নিয়ে আইনের ব্যাখ্যা প্রয়োজন। এজন্য তার জামিন স্থগিত করা হোক।" এ সময় আদালত সংবাদমাধ্যমে তার আটকাদেশের খবর প্রচারিত হওয়ার কথা উল্লেখ করে বলেন, "এ পর্যায়ে কি তার প্রয়োজন আছে? কারণ সংবাদ মাধ্যমে দেখেছি তাকে আটকাদেশ দেওয়া হয়েছে।" হান্নান শাহ্র পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক আটকাদেশের কাগজ আদালতে উপস্থাপন করে বলেন, "সরকার হান্নান শাহকে এক মাসের আটকাদেশ দিয়েছে। তাই জামিন পেলেও তিনি বের হতে পারবেন না।" ২২ নভেম্বর জরুরি আইন ভাঙার মামলায় বিএনপি নেতা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহকে তিন সপ্তাহের জামিন দিয়েছিল হাইকোর্ট। একইসঙ্গে এ মামলার কার্যক্রম কেন বাতিল করা হবে না সরকারকে দুই সপ্তাহের মধ্যে তার কারণ জানাতেও বলেছিল আদালত। ৭ নভেম্বর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে বিএনপির দুই গ্র"পের সংঘর্ষ এবং দলের নেতা সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান লাঞ্ছিত হওয়ার ঘটনায় জরুরি বিধিমালা ভঙ্গের অভিযোগে পুলিশ হান্নান শাহসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করে। ওই রাতেই হান্নান শাহকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসএম/এএল/জিএনএ/এসকে/২১৫৮ঘ.