ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সম্পত্তির বিবরণ চেয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশ অবৈধ ঘোষণার হাইকোর্টের রায় স্থগিত করেনি সুপ্রিমকোর্ট।
হাইকোর্টের রায় স্থগিতে দুর্নীতি কমিশনের দায়ের করা আপিলের ওপর ২ ডিসেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. হাসান আমিনের আদালত এ আদেশ দেয়।
দুদকের পক্ষে শুনানিতে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল বলেন, "হাসিনার নোটিশ অবৈধের হাইকোর্টের রায় স্থগিত না করা হলে অন্য যাদেরকে নোটিশ দেওয়া হয়েছে তাদের নোটিশের কার্যক্রমও স্থগিত হয়ে যাবে।"
জবাবে হাসিনার পক্ষের আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক বলেন, "হাসিনার নোটিশ স্থগিত হলে বা অবৈধ হলে সেটা কেবল তার ক্ষেত্রেই প্রযোজ্যই হবে, অন্য যাদের নোটিশ দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।"
উভয়পক্ষের সংক্ষিপ্ত শুনানি শেষে আদালত হাইকোর্টের রায় স্থগিতের দুদকের আবেদনের উপর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ২ ডিসেম্বর শুনানির তারিখ ধার্য করে।
গত ২১ নভেম্বর শেখ হাসিনার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তার সম্পত্তির হিসাব চেয়ে দুদকের দেওয়া নোটিশ অবৈধ ঘোষণা করে। সেদিন বিচারপতি শাহ আবু নঈম মোমিনুর রহমান ও বিচারপতি জোবায়ের রহমান চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ রায় দিয়েছিল।
১৬ জুলাই শেখ হাসিনা গ্রেপ্তার হওয়ার পরদিন তার সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ পাঠায় দুর্নীতি দমন কমিশন। এর বৈধতা নিয়ে শেখ হাসিনা হাইকোর্টে রিট আবেদন করলে ৭ আগস্ট দুদকের নোটিশের কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট।
এরপর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৭ আগস্ট সুপ্রিম কোর্ট হাইকোর্টের আদেশটি স্থগিত করে। সুপ্রিম কোর্ট হাইকোর্টে বিচারাধীন রিটটি চূড়ান্ত নিষ্পত্তির পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয়। সুপ্রিম কোর্টের এ আদেশের পরিপ্রেক্ষিতে রিটটির ওপর উভয়পক্ষের পূর্ণাঙ্গ শুনানি শেষে হাইকোর্ট ২১ নভেম্বর রায় ঘোষণা করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এমএ/১৪৪৭ঘ.
bdnews24