ঢাকা নভেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে চাঁদাবাজি মামলায় রোববার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়নি।
কোকো অসুস্থ থাকায় তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা যায়নি বলে এ শুনানি হয়নি।
কোকোর আইনজীবী সানাউল্লাহ মিয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন "অভিযুক্ত বর্তমানে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। সম্ভবত: এ কারণে প্রার্থিত ৭ দিন রিমান্ড শুনানিও হয়নি।"
এ আইনজীবী এবং রাষ্ট্রপক্ষে পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা উপ পরিদর্শক বাবুল মিয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান ঢাকার ১ নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. এহসানুল হক আগামি ২৮ নভেম্বর এ শুনানির জন্য মৌখিকভাবে তারিখ ধার্য করেছেন।
চলতি বছরের ১৬ মে রাজধানীর একটি বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী আবু আহমেদ জায়েদান রাব্বী গুলশান থানায় মোট ৯ কোটি ২০ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে আরাফাত রহমান কোকো, তার দুই শ্যালক মোস্তাকিম রেজা ও মোত্তাকিন রেজার বিরুদ্ধে দন্ডবিধির ৩৮৫/৩৮৬/৩৮৭ ধারায় মামলা করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২১৫৮ঘ.
bdnews24