ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- সাহায্যের 'অজুহাতে' মার্কিন নৌবহর ও সেনাবাহিনীর বাংলাদেশে আসার নিন্দা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
বাংলাদেশ সেনাবাহিনী ত্রাণ বিতরণের জন্য যথেষ্ট -এ মন্তব্য করে সিপিবি'র সভাপতি মনজুরুল আহসান খান যুক্তরাষ্ট্রকে তাদের নিয়ে আসা ত্রাণ সামগ্রী, জাহাজ, হেলিকপ্টার ও যন্ত্রপাতি বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরের দাবি জানান।
ঘূর্ণিঝড় দূর্গত এলাকায় ত্রাণ বিতরণ-পরবর্তী এক সংবাদ সম্মেলনে সিপিবি সভাপতি একথা বলেন। শনিবার সকালে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মনজুরুল আহসান খান এসময় বলেন, "দূর্গত মানুষের কাছে যে ত্রাণ পৌঁছাচ্ছে তা অপ্রতুল। তার মধ্যেও সমন্বয় নেই। ফলে কোথাও কোথাও মানুষ একাধিকবার ত্রাণ পাচ্ছে, আবার কোথাও একেবারেই পাচ্ছে না।"
তিনি অবিলম্বে দূর্গত এলাকার কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজসহ কৃষি উপকরণ সরবরাহ এবং কৃষিঋণ মওকুফ করে বিনাসুদে ঋণ দেওয়ারও দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সিপিবি'র সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, ত্রাণ কমিটির আহবায়ক মাহাবুব আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য মোর্শেদ আলী প্রমুখ।
এদিকে, ত্রাণ বিতরণে মার্কিন সৈন্যদের অংশ গ্রহণে উদ্বেগ প্রকাশ করে এর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
ছাত্র ইউনিয়নের সভাপতি সামসুল আলম সজ্জন ও সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুদ এক বিবৃতিতে বলেছেন, "বাংলাদেশের সার্বভৌমত্ব ও মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল থেকে দূর্গত মানুষের জন্য যে কোনো দেশের সহযোগিতাকে আমরা স্বাগত জানাই। কিন্তু, কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে মার্কিন যুদ্ধজাহাজের এই দেশে অনুপ্রবেশ আমাদের সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/২১২৬ঘ.
bdnews24