২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেজর আখতারের নেতৃত্বে 'খালেদা জিয়া মুক্তি পরিষদ'

খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচনে অংশ না নেওয়া ও দলের দুই অংশের মাঝে কথিত 'ঐক্যপ্রক্রিয়ার' বিপক্ষে জনমত গড়ে তুলতে 'খালেদা জিয়া মুক্তি পরিষদ' নামে একটি সংগঠন গঠন করা হচ্ছে। বিএনপির দেলোয়ারপন্থী অংশের নেতা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর আখতারুজ্জামান এই সংগঠনের আহ্বায়কের দায়িত্ব পালন করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2007, 08:16 AM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ঢাকা, নভেম্বর ২৪(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচনে অংশ না নেওয়া ও দলের দুই অংশের মাঝে কথিত 'ঐক্যপ্রক্রিয়ার' বিপক্ষে জনমত গড়ে তুলতে 'খালেদা জিয়া মুক্তি পরিষদ' নামে একটি সংগঠন গঠন করা হচ্ছে। বিএনপির দেলোয়ারপন্থী অংশের নেতা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর আখতারুজ্জামান এই সংগঠনের আহ্বায়কের দায়িত্ব পালন করবেন। রোববার সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন সংগঠনের ১৪ দফা ঘোষণাপত্র প্রকাশ করা হবে। প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ ও মহানগরীসহ কেন্দ্রীয় পর্যায়ে গঠন করা হবে এ সংগঠনের কমিটি। শনিবার দুপুরে মেজর আখতারুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ''নেত্রীর মুক্তির ইস্যুকে সামনে রেখে তৃণমূল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ রাখার চেষ্টাই আমাদের একমাত্র কাজ। এজন্য নিয়মতান্ত্রিকভাবে সবকিছুই করা হবে।'' মেজর আখতারুজ্জামান আরো জানান, নেত্রীর মুক্তির লক্ষ্যে ১১ দফা কর্মসূচিও থাকবে। গতানুগতিক ধারার বদলে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি নেবেন তারা। মূল দল বিএনপি থাকা অবস্থায় এরকম সংগঠনের প্রয়োজন দেখা দিল কেন- জানতে চাইলে এই সাবেক সাংসদ বলেন, "বর্তমান সরকারের পদক্ষপ থেকে আমাদের সন্দেহ জেগেছে যে, তারা মাইনাস খালেদা থিওরি বাস্তবায়নে কাজ করছেন। দলের ভেতরে তথাকথিত ঐক্যের প্রচার-প্রচারণায় নেত্রীর মুক্তির বিষয়টি গুরুত্বহীন হয়ে পড়েছে। কেউ কেউ চান, যেকোনোভাবে আগামী নির্বাচনে অংশ গ্রহণ করে নেত্রীকে রাজনীতি থেকে বিতাড়িত করতে; এটা কোনোভাবে তৃণমূল নেতা-কর্মীরা মেনে নেবে না। সে কারণে আমি এই সংগঠনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তির বিষয়টি সামনে এনে নেতা-কর্মীদের এক রাখতে চাই।'' দেলোয়ারপন্থী নেতা আখতারজ্জামান অভিযোগ করেন, সরকার নেত্রীর মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে কাজ করতে দিচ্ছেনা। এটা বৈষম্যমূলক আচরণ ও অন্যায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এমএ/১৪০৫ঘ.