ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্গত এলাকায় আরও খাবার ও পানি পাঠানোর জন্য সরকারকে অনুরোধ করেছেন বিএনপির অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার ভোলার চর জহিরউদ্দিনে ত্রাণ বিতরণের সময় তিনি সাংবাদিকদের বলেন, প্রয়োজনের তুলনায় সরকারি ত্রাণ অপ্রতুল।
চর জহিরউদ্দিনের দুর্গত মানুষদের উদ্দেশে তিনি বলেন, "দুর্যোগের সময় বিএনপি সবসময় আপনাদের পাশে ছিল, এখনো আছে। ভয়কে সাহসে রূপান্তরিত করে আবার আপনাদের দাঁড়াতে হবে, সঙ্গে থাকবো আমরা।"
তিনি আরো বলেন, "প্রয়োজনের তুলনায় সরকারি ত্রাণ অপ্রতুল। সরকারের কাছে আমাদের অনুরোধ, দুর্গত এলাকায় আরও ত্রাণ সামগ্রী ও খাবার পানি পাঠানো হোক।''
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য গৃহ নির্মাণ ঋণ সুবিধা ও কৃষি পুনর্বাসন কার্যক্রম চালু করার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
হাফিজ উদ্দিন বৃহস্পতিবার চর জহিরউদ্দিনের দুর্গত মানুষের মাঝে চাল, ডাল, খাবার পানিসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন। শুক্রবার তিনি ভোলার লাল মোহন ও চরফ্যাশন এবং শনিবার পটুয়াখালীতে ত্রাণ বিতরণ করতে যাবেন বলে সাংবাদিকদের জানান।
পরে তিনি টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিএনপি সাধ্য অনুযায়ী ত্রাণ নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। আমাদের সামর্থ্য সীমিত, তাই সরকারের পাশাপাশি বিত্তবান ও ব্যবসায়ী সমাজকে এ কাজে সক্রিয় হতে হবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জেকে/এমএ/১৬৩৩ঘ.
bdnews24