২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সংলাপ নিয়ে আপিল প্রশ্নে শীঘ্রই সিদ্ধান্ত নেবে ইসি

বিএনপির অস্থায়ী মহাসচিব হাফিজউদ্দিন আহমেদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের বিষয়ে দেয়া হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করা না করার প্রশ্নে কমিশন দু - একদিনের মধ্যে সিদ্ধান্ত নেবে। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বৃহস্পতিবার দুপুরে তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2007, 09:56 AM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বিএনপির অস্থায়ী মহাসচিব হাফিজউদ্দিন আহমেদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের বিষয়ে দেয়া হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করা না করার প্রশ্নে কমিশন দু - একদিনের মধ্যে সিদ্ধান্ত নেবে। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বৃহস্পতিবার দুপুরে তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। তিনি বলেন, "স্থগিতাদেশের বিরুদ্ধে আমরা আপিল করবো কি করবো না, কি ভাবে বিষয়টি মোকাবিলা করবো, তা আলাপ - আলোচনা করে দু - একদিনের মধ্যে সিদ্ধান্ত নেবো।" এ সময়ে সেখানে উপস্থিত অপর নির্বাচন কমিশনার এম. সাখাওয়াত হোসেন কোনো মন্তব্য করতে রাজী হন নি। তিনি বলেন, "এটি আদালতে বিচারাধীন বিষয়। নো কমেন্ট।" এর আগে গত সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা সাংবাদিকদের জানিয়েছিলেন, আদালতের ওই স্থগিতাদেশের কারণে বিএনপির অস্থায়ী মহাসচিব হাফিজের সঙ্গে কমিশনের নির্ধারিত বৃহস্পতিবারের সংলাপ হচ্ছেনা। সে সময় সিইসি বলেছিলেন, "আদালতে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো।" হাইকোর্টের স্থগিতদেশের বিরুদ্ধে আপিল করার প্রশ্নে তিনি জানান, "অ্যার্টনি জেনারেলের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।" রোববার খালেদা জিয়ার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাফিজউদ্দিন আহমেদকে সংলাপে ডাকার ব্যাপারে নির্বাচন কমিশনের দেয়া চিঠির কার্যকারিতা চার সপ্তাহের জন্য স্থগিত করে হাইকোর্ট। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এমএ/১৫৫০ ঘ.