ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিপোর ডটকম)- দক্ষিণাঞ্চলে সংঘটিত ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রাণহানিতে শোক প্রকাশ করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এবং বিএনপির স্থায়ী কমিটি মনোনীত অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ ও খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সরকারকে অবিলম্বে দুর্গত মানুষের জন্য খাদ্য সাহায্যসহ পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
জিল্লুর রহমান ও সৈয়দ আশরাফুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বি এম মোজাম্মেল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দলের সব স্তরের নেতা-কর্মীকে দুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে শুক্রবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হাফিজ উদ্দিন আহমেদ বনানীর বাসায় সাংবাদিকদের কাছে
দক্ষিণাঞ্চলে প্রবাহিত ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসকে 'মহাদুর্যোগ' উল্লেখ করে এতে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
তিনি বিত্তবান ও দলীয় নেতা-কর্মীদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, "প্রাথমিক হিসাবে যে খবর আমাদের কাছে আসছে তাতে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা সরকারকে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ও পুর্নবাসনের কার্যক্রম জোরদার করার অনুরোধ জানাচ্ছি। একই সঙ্গে সরকারের কাছে অনুরোধ করছি ক্ষতিগ্রস্তদের যেন সহজ শর্তে কৃষি ও গৃহ ঋণ দেওয়ার হয়।"
সংক্ষিপ্ত ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ দেলোয়ার হোসেন খান ও সহ-দপ্তর সম্পাদক আহমেদ মুসা।
রিজভী আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে খোন্দকার দেলোয়ার হোসেন ঘূর্নিঝড়ে ব্যাপক প্রানহানিতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি আহতের সুচিকিৎসা ও ক্ষতিগ্রস্থদের পূর্নবাসনের জন্য সরকারকে ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছেন। তিনি দলীয় নেতা-কর্মীদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দেন।
বিডিনিউজ টুয়েন্টিপোর ডটকম/এসইউএম/এসএম/এমএআর/এমএ/১৮০০ ঘ.
bdnews24