২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ রফিকুল আনোয়ারের বিরুদ্ধে দুদকের মামলা

সম্পত্তির তথ্য গোপন এবং হিসাব বিবরণীতে মিথ্যা ঘোষণা দেয়ার অভিযোগে চট্টগ্রাম-৪ (ফটিকছড়ি) আসনে আওয়ামী লীগের সাবেক সাংসদ রফিকুল আনোয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2007, 10:33 AM

Updated : 26 Aug 2022, 08:56 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সম্পত্তির তথ্য গোপন এবং হিসাব বিবরণীতে মিথ্যা ঘোষণা দেয়ার অভিযোগে চট্টগ্রাম-৪ (ফটিকছড়ি) আসনে আওয়ামী লীগের সাবেক সাংসদ রফিকুল আনোয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার কমিশনের চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক আবু মোহাম্মদ আরিফ সিদ্দিকী বাদি হয়ে ডবলমুরিং থানায় এ মামলা দায়ের করেন। ডবলমুরিং থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক গৌরচন্দ্র মজুমদার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মামলায় তিন কোটি ৫৫ লাখ ৯৩ হাজার ১৪৮ টাকার সম্পত্তি গোপন এবং মিথ্যা তথ্য দেয়ার অভিযোগ করা হয়েছে। কমিশনের চট্টগ্রাম কার্যালয়ের অফিস সহকারী মো. সুলতান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে সাবেক সাংসদ রফিকুল আনোয়ার জমা দেয়া হিসাব বিবরণীতে বিপুল পরিমাণ সম্পদের তথ্য গোপন করেছেন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে ধরা পড়ে, এক কোটি ৯৭ লাখ ১২ হাজার ১১৫ টাকার সম্পত্তি গোপন করেছেন এবং তার আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এক কোটি ৫৮ লাখ ৮১ হাজার ৩৩ টাকার সম্পদ রয়েছে। বর্তমানে কারাগারে আটক রফিকুল আনোয়ার গত ৩ জুলাই দুর্নীতি দমন কমিশনে সম্পত্তির হিসাব দাখিল করেন। এতে বিভিন্ন ব্যাংকে তার এক কোটি ৮৫ লাখ টাকাসহ মোট ১০ কোটি ৮৫ লাখ টাকার সম্পদ রয়েছে বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে তাতে জানানো হয়, যৌথ পরিবারের সঙ্গে বসবাস করায় তার সম্পত্তি এখনও পৃথক করা হয়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/এমআই/১৬১৬ ঘ.