ঢাকা, নভেম্বর ১৪(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে দলীর প্রস্তাব সম্পর্কে খোন্দকার দেলোয়ার হোসেনসহ স্থায়ী কমিটির সদস্যদের মতামত চেয়েছে বিএনপির খসড়া প্রস্তাব প্রণয়ন সংক্রান্ত কমিটি।
বুধবার কমিটির আহ্বায়ক আব্দুল মান্নান ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে আগামী ১৮ নভেম্বরের মধ্যে লিখিতভাবে মতামত পাঠাতে বলা হয়।
দলের সহ দপ্তর সম্পাদক আহমেদ মুসা সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্থায়ী কমিটির সদস্যদের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠির সঙ্গে নির্বাচন কমিশনের পাঠনো গণ প্রতিনিধিত্ব আইন ১৯৭২, প্রস্তাবিত রাজনৈতিক দল নিবন্ধীকরণ বিধিমালা ২০০৭ ও রাজনৈতিক আচরণ নীতিমালা ১৯৯৬ এর প্রস্তাবিত সংশোধনী খসড়া আইনের কপিও রয়েছে।"
দলের সর্বোচ্চ নীতিনির্ধারক ফোরামের সদস্যদের মতামত জানাতে এ চিঠি দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, "স্থায়ী কমিটির সদস্য আবুল মতিন চৌধুরী, খোন্দকার দেলোয়ার হোসেন, তানভীর আহমেদ সিদ্দিকী, ড. আর এ গনিসহ সব সদস্যের কাছে এটি পাঠানো হয়েছে।"
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ১২ জন। এর মধ্যে দলের চেয়ারপারসন খালেদা জিয়া, ড. মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমেদ কারাগারে আছেন।
আগামী ২২ নভেম্বর নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসবে বিএনপি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/এমএ/১৮৩৫ঘ.
bdnews24