ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--বিএনপির কথিত সংস্কারপন্থী অংশের ভারপ্রাপ্ত চেয়ারপারসন সাইফুর রহমান ও অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দীন আহমেদের নেতৃত্বে একদল নেতাকর্মী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়েছে।
তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
১০ মাসেরও বেশিদিন বন্ধ থাকার পর সকাল ১০টা ২০ মিনিটে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়টির তালা খুলে দেয়া হয়। মহানগর বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ও আব্দুস সালামের নেতৃত্বে কার্যালয়ে প্রবেশ করে নেতাকর্মীরা।
(আরও তথ্যসহ--৫)
অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দীন আহমেদের নেতৃত্বে সকাল ১০টা ৫২ মিনিটে একদল নেতাকর্মী কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নেয়।
এসময় উপস্থিত নেতাকর্মীরা খালেদা ও হাফিজের নামে শ্লোগান দেয়। ১১টা ৪০ মিনিটে কার্যালয়ে প্রবেশ করেন সংস্কারপন্থী অংশের ভারপ্রাপ্ত চেয়ারপারসন সাইফুর রহমান। এসময় নেতাকর্মীরা শ্লোগান দিয়ে তাকে স্বাগত জানায়।
সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, "কোন দখল নয়, নিজের দলের অফিসে বসেছি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে আমরা সাময়িক (এডহক) দায়িত্ব পালন করছি মাত্র। নেত্রী মুক্ত হয়ে আসার পর তিনি এখানেই বসবেন।''
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিন তলায় মহাসচিবের কক্ষে গিয়ে বসেন। প্রায় ৪৫ মিনিট তিনি কার্যালয়ে ছিলেন।
অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দীন আহমেদ বলেছেন, বিএনপিতে কোনো বিভক্তি নেই। এখনো দলের মধ্যে একটি ক্ষুদ্র গোষ্ঠী রয়েছে যাদের প্রতিদিন টিভির পর্দায় দেখা যায়, তাদের আহবান জানাবো সব ভুল বুঝাবুঝির অবসান করে খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে।''
বিএনপির কার্যালয় খুলে দেয়া হতে পারে--এই খবরে দলীয় নেতা কর্মীরা সকাল থেকেই সমবেত হয় নয়াপল্টনে। পুলিশ ও নেতাকর্মীদের অবস্থানের কারণে এলাকায় যানজটের সৃষ্টি হয়। সকাল থেকেই কেন্দ্রীয় কার্যালয় ঘিরে শত শত পুলিশ ও বিএনপি কর্মী জড়ো হয়।
বিএনপি কার্যালয় ও তার চারপাশের গলিসমূহে পুলিশি নিরাপত্তা বসানো হয়। কার্যালয়ের সামনে তিন প্লাটুন পুলিশ অবস্থান নেয়। পুলিশ ছাড়াও র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব) ও সাদা পোশাকে ডিবি পুলিশ নয়া পল্টনের সড়কে অবস্থান নেয়। র্যাবের টিম টহলে ছিল। বিএনপি কার্যালয়ের সামনে উঁচু কয়েকটি বিল্ডিংয়েও পুলিশি পাহারা বসানো হয়।
সাড়ে ৮টায় থেকেই সংস্কারপন্থী সমর্থক নেতা-কর্মীরা দলের কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে। সাড়ে ৯টায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সালাম, কুষ্টিয়ার নেতা এম এ খালেক, মহিলা দলের তাসমিনা রানা, যুব দলের আলী আক্কাস নাদিম, হুমায়ুন কবীর, ছাত্র দলের সাবেক নেতা মনির হোসেন, ফিরোজ হায়দার খান, ওয়ার্ড কমিশনার নবী উল্লাহ নবী ও মোহাম্মদ আরিফের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে বিএনপির কার্যালয়ের সামনে আসেন। কিছু কিছু ছাত্র দল কর্মী মাথায় লাল ফিতা বেধে আসে।
এম সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, "শহীদ জিয়ার প্রতিষ্ঠিত দল বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বেই চলবে। তিনি এখন কারা অন্তরীণ আছেন। আইনি জটিলতার কারণে আমাদের সঙ্গে নেই। তবে মুক্ত হয়ে তিনি এই কার্যালয়েই আসবেন। আমরা তার অনুপস্থিতিতে দলকে এগিয়ে নিতে সাময়িক দায়িত্ব নিয়েছি। এটা নিয়ে কোনো বিভ্রান্তি ছড়ানোর কিছু নেই।" তিনি বলেন, কারো কারো ধারণা জন্মেছে যে বিএনপির টুকরো টুকরো হয়ে গেলে। এটা ঠিক নয়। আমরা শুধু নেতৃত্বের শূণ্যতা দূর করতে সাময়িক দায়িত্ব নিয়েছি।''
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "কারাগার থেকে কোনো কিছু করার সুযোগ নেই। যে লিগ্যাল নোটিশটির কথা বলা হয়েছে, তা নেত্রী দিয়েছেন কিনা জানি না। আমার দৃঢ় বিশ্বাস নেত্রী দেশের রাজনৈতিক বর্তমান অবস্থা সর্ম্পকে অবহিত নন। তাই এরকম কিছু তিনি করতে পারেন না।''
সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান দাবি করেন ''বিগত ৫ বছর দেশে অনেক এগিয়েছে। উন্নয়ন কর্মকান্ড এমনভাবে হয়েছে যে পাকিস্তান ও ভারত থেকে আমরা এগিয়ে আছি। এই ধারাকে আমাদের এগিয়ে নিতে আগামী নির্বাচনে বিএনপি ঐক্যবদ্ধভাবে অংশ নেবে।''
মেজর হফিজ বলেন, ''বর্ষিয়ান নেতা সাইফুর রহমান বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে দলে আছেন। নেত্রীর অনুপস্থিতিতে তিনি আমাদের দলের হাল ধরেছেন। বিএনপি এক আছে, এক থাকবে। ''
এসময় আরও উপস্থিত ছিলেন জেড এ খান, এম এ হাকিম, শাহ মো. আবুল হোসাইন, অধ্যাপক নাছির হোসেন, দেলোয়ার হোসেন খান দুলু, মোশাররফ হোসেন মংগু, ফজলুল আজিম, ডা. জিয়াউল হক মোল্ল
bdnews24