মাদারীপুর, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মাদারীপুরে দায়ের হওয়া তিনটি মামলার তদন্ত শুরু করেছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর আব্দুস সাত্তার সোমবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, উপ পরিদর্শক ওয়াজেদ আলীকে মামলাগুলো তদন্ত করছেন।
স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী বক্তব্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ এনে মাদারীপুরের আইনজীবী মো. ওবাইদুর রহমান খান গত বৃহস্পতিবার আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে মামলা করেন।
মাদারীপুরের প্রধান বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট এ এস এম মাহবুবুল হকের আদালতে দায়ের করা ওই মামলায় কাদের মোল্লাকে একজন শঠ, প্রতারক, ধর্মান্ধ হিসেবে উল্লেখ করে অভিযোগ করা হয়, তিনি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত এবং দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে বক্তৃতা, বিবৃতি দিচ্ছেন।
এরপর প্রায় একই অভিযোগে রোববার কাদের মোল্লার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা আব্দুল হাই হাওলাদার ও বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম আরও দুটি মামলা করেন।
তদন্তকারী কর্মকর্তা ওয়াজেদ আলী জানান, রাষ্ট্রদ্রোহ মামলার বিষয়ে প্রয়োজনীয় অনুমতি চেয়ে সরকারে সংশ্লিষ্ট বিভাগে চিঠি পাঠানো হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/২২৪০ ঘ.
bdnews24