২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিনু ও ফিরোজ মাহমুদ দম্পতির বিরুদ্ধে মামলা করবে দুদক

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মিজানুর রহমান মিনু ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার ডা. ফিরোজ মাহমুদ ইকবাল এবং তাদের স্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করার অনুমতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2007, 03:52 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মিজানুর রহমান মিনু ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার ডা. ফিরোজ মাহমুদ ইকবাল এবং তাদের স্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করার অনুমতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। কমিশনের মহাপরিচালক (প্রশাসন ও অর্থ) কর্নেল হানিফ ইকবাল সোমবার বিকেলে কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি জানান, মিজানুর রহমান মিনু ও তার স্ত্রী সালমা শাহদাত তাদের সম্পদের বিবরণীতে ২ কোটি ৯০ হাজার ২ টাকার তথ্য গোপন করেছেন এবং জ্ঞাত আয়ের বাইরে ৩ কোটি ৫৯ লাখ ৯ হাজার টাকার সম্পদের মালিক হয়েছেন। এ কারণে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। কমিশন বিষয়টি অনুমোদন করেছে। একইভাবে ডা. ফিরোজ মাহমুদ ইকবাল ও তার স্ত্রী ইমতিয়াজ বেগমের বিরুদ্ধেও মামলা করবে কমিশন। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা অবৈধভাবে ১ কোটি ৪৭ লাখ ৭০ হাজার ২৩৬ টাকার সম্পদের মালিক হয়েছেন। এছাড়া ফিরোজ মাহমুদ ক্ষমতার অপব্যবহার করে এলজিইডির ২টি ও এসেন্সিয়াল ড্রাগ কোম্পানির তিনটি গাড়ি নিজের ও পরিবারের কাজে ব্যবহার করেছেন। এতে করে সরকারের ৩৪ লাখ ৯০ হাজার ৭৬৮ টাকার ক্ষতি হয়েছে। কর্নেল হানিফ ইকবাল আরো জানান, যাত্রাবাড়ি-সায়েদাবাদ ফ্লাইওভার সংক্রান্ত দুর্নীতি মামলায় খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সাবেক হুইপ আশরাফ হোসন, ওরিয়ন গ্র"পের চেয়ারম্যান ওবায়দুল করিমসহ আরও দুই জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার বিষয়টিও অনুমোদন করেছে কমিশন। ফ্লাইওভার নির্মাণের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে একটি গাড়ি লেনদেনের অভিযোগে ওই মামলাটি দায়ের করা হয়। এছাড়া সম্পদের হিসাব চেয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস আলাউদ্দিন নাসিমের কাছে নোটিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি। মহাপরিচালক জানান, ১৯৯৯ থেকে ২০০৬ সাল পর্যন্ত সময়ে তখনকার দুর্নীতি দমন ব্যুরোর দায়ের করা প্রায় দেড় হাজার মামলা ঝুলে রয়েছে। গুরুত্ব বিবেচনা করে কমিশন সেগুলোর মধ্য থেকে ৫০টি মামলা বাছাই করেছে। এগুলো পুনরুজ্জীবিত করা হবে। বিদেশে পাচার হয়ে যাওয়া অর্থ ফেরত আনতে গঠিত সরকারের উচ্চ পর্যায়ের টাস্কফোর্স থেকে কমিশন কেন সদস্যপদ প্রত্যাহার করে নিল জানতে চাইলে তিনি বলেন, "কাজের প্রকৃতি বিবেচনা করে এ টাস্কফোর্সে থাকার কোনো প্রয়োজন আছে বলে কমিশন মনে করে না। কমিশনের কাজের প্রকৃতি সুনির্দিষ্ট। দেশের বাইরে থেকে টাকা আনার দায়িত্ব আমাদের না।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এমএ/২১৩০ ঘ.