ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ট্রাইবুনাল তৈরি করে যুদ্ধাপরাধীদের বিচার করার দাবি জানিয়েছে আওয়ামী লীগ। যুদ্ধাপরাধীদের ক্ষমা করে দেওয়ার কোনও সুযোগ নেই মন্তব্য করে দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বলেছেন "একটা মানুষকে মারলেও বিচার হয়। আর এদের ওপর তো ৩০ লাখ মানুষকে হত্যার দায় রয়েছে। এদের বিচার করতেই হবে।"
রোববার আওয়ামী যুবলীগের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘরোয়া শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ দাবি জানান তিনি।
জিল্লুর রহমান বলেন, "যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না এদেশে রাজনীতি করার অধিকার তাদের নাই। যারা স্বাধীনতার বিরুদ্ধাচারণ করেছিল, সেই স্বাধীন দেশে রাজাকাররা ধর্মকে ব্যবহার করে রাজনীতির নামে ব্যবসা করছে। এ রাজাকারদের দলকে যেন কোনভাবেই স্বীকৃতি দেওয়া না হয়, সরকারের কাছে আমার এই অনুরোধ থাকবে।"
গুলশানের নিজ বাসায় ওই অনুষ্ঠানে তিনি আরও বলেন, "মুক্তিযুদ্ধে রাজাকার, আলবদর, আল শামসরা লাখ লাখ মানুষকে হত্যা করেছে, মা বোনের সম্ভ্রমহানি করেছে। সেই যুদ্ধাপরাধীরা জোট সরকারের আমলে রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করেছে, মন্ত্রিত্ব পর্যন্ত পেয়েছে। যে জাতীয় পতাকার জন্য লাখ লাখ মানুষ রাজাকারদের হাতে প্রাণ দিল, সেই জাতীয় পতাকা রাজাকারদের গাড়ির সামনেই পতপত করে উড়েছে। আমি নিজে দেখেছি।"
সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ হয়েছে।"
জিল্লুর রহমান বিভিন্ন আন্দোলন সংগ্রামে যুবলীগের ভুমিকার প্রশংসা করে বলেন, "৩৫ বছরে বহু চড়াই উতরাই পেরিয়ে যুবলীগ তাদের সততা, নিষ্ঠা, দেশপ্রেম প্রমাণ করেছে। সমগ্র বাংলাদেশে যুব সংগঠন হিসেবে যুবলীগ শ্রেষ্ঠ।"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আশরাফুল ইসলাম, উপদেষ্টামণ্ডলীর সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুঁইয়া, যুবলীগের সভাপতি মণ্ডলীর সদস্য ড. মিজানুর রহমান, হারুন অর রশীদ, যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী প্রমুখ।
যুবলীগের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার ভোরে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে, সকাল সাড়ে ৮টায় ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এবং সকাল সাড়ে ৯টায় বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মনিসহ '৭৫ এর ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের কবরে ফুল দেয় ও ফাতেহা পাঠ করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএইচবি/১৯৩৩ ঘ.
bdnews24