২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপের চিঠি পাওয়ায় ইসিকে ধন্যবাদ দিলেন সাইফুর

সংলাপের চিঠি পাওয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2007, 03:11 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-সংলাপের চিঠি পাওয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। সোমবার সন্ধ্যায় গুলশানের বাসায় সাংবাদিকদের ব্রিফ করার সময় সাইফুর রহমান বলেন, "নির্বাচন কমিশন সব কিছু পর্যালোচনা করে আমাদের চিঠি দিয়েছে। এর মাধ্যমে বিএনপি ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জনগণের উন্নয়নের জন্য কাজ করবে। বিএনপির নেত্রী খালেদা জিয়াই।" বাংলাদেশের 'সার্বভৌমত্ব ও অখণ্ডতার জন্য' জাতীয়তাবাদীর শক্তির ঐক্য প্রয়োজন -এ মন্তব্য করে সাইফুর রহমান বলেন, শহীদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমান এই লক্ষ্যেই বিএনপি গঠন করেছিলেন। তিনি বলেন, "বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের লক্ষ্য হবে বিএনপিকে ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করা।" এক প্রশ্নের জবাবে সাইফুর রহমান বলেন, "আমার নেত্রী খালেদা জিয়া। তার অনুপস্থিতিতে আমি ভারপ্রাপ্তের দায়িত্ব পালন করছি মাত্র। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এই নেত্রীর সঙ্গে আমি ঘুরে বেরিয়েছি দলকে শক্তিশালী করার জন্য। কিন্তু প্রায়শই বিব্রত হই যখন শুনি আমাদের মধ্যে বিভেদ চলছে। অথচ আমাদের প্রতিপক্ষ আওয়ামী লীগ এক হয়ে কাজ করছে।" জ্যেষ্ঠ এই নেতা বলেন, "আমার নেত্রী যদি আজই কারামুক্ত হয়ে আসেন আমার জানটা বেঁচে যায়। আমি তার হাতে দায়িত্ব দিয়ে হাঁফ ছেড়ে বাঁচি।" তিনি দলীয় নেতাকর্মীদেরকে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহবান জানান। দলের অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদও নির্বাচন কমিশনকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, "সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছেন তা সঠিক ও আইনসম্মত।" এজন্য তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও কারাগারে আটক খালেদা জিয়ার প্রতিও শ্রদ্ধা প্রকাশ করেন। মেজর হাফিজ বলেন, "বিএনপির মধ্যে কোনো বিভ্রান্তির অবকাশ নেই। কোনো গ্র"পও নেই।" তবে গ্র"প নেই দাবি করলেও একই সঙ্গে তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, নির্বাচন কমিশনের চিঠির মাধ্যমে 'দলের সব স্রোতধারা' এক হয়ে কাজ করবেন । সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাইফুর রহমান ড. আর এ গণির দেওয়া বক্তব্যকে অসত্য আখ্যা দেন। সাইফুর বলেন, "২৯ অক্টোবর স্থায়ী কমিটির বৈঠকের বিষয়বস্তু ছিল বিএনপিকে ঐক্যবদ্ধ করার উপায়। এ ব্যাপারে স্থায়ী কমিটির সদস্যরা একত্র হয়ে যেসব সিদ্ধান্ত নিয়েছেন তা কাগজে লিপিবদ্ধ করা হয়েছে। ওই কাগজের প্রতিটি পাতায় স্থায়ী কমিটির সব সদস্য অনুস্বাক্ষর করেছেন। কিন্তু আমার পুরনো সহকর্মী আর এ গণি ওই বৈঠককে অবৈধ বললে আমি বলবো তা দুঃখজনক ও অসত্য।" খোন্দকার দেলোয়ারের পক্ষে সোমবার বিকেলে রিজভী আহমেদ নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে অবৈধ বলে যে মন্তব্য করেন সে প্রসঙ্গে সাইফুর রহমান বলেন, "রিজভী আহমেদের এই বিষয়ে কথা বলার কোনো বৈধতা নেই।" সংবাদ ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জেড এ খান, এএইচএম মোফাজ্জল করিম, ইনাম আহমেদ চৌধুরী, সাবেক মন্ত্রী ড. ওসমান ফারুকসহ বিএনপির সাবেক সাংসদরা উপস্থিত ছিলেন । বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমএআর/এসকে/২০৫৫ঘ.